চলন্ত অটোরিকশার ওপর গাছ পড়ে নারীর মৃত্যু, হাসপাতালে স্বামী
- প্রকাশের সময় : ০৭:৪৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / 141
মৌলভীবাজারের বড়লেখায় চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে আজিজুন নেছা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামী ও অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার বারইগ্রাম এলাকায় বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুন নেছা সুড়িকান্দি গ্রামের জমির উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালবেলায় দাসের বাজারগামী অটোরিকশাটি সড়কের পাশে পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মরা গাছ হঠাৎ ভেঙে অটোরিকশার ওপর পড়ে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুন নেছাকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশার চালক ও স্বামীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিলাদ আহমদ জানান, অটোরিকশায় গাছ পড়ে ওই নারী ঘটনাস্থলে মারা যান। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান বিষয়টি খতিয়ে দেখছেন।





















