নওগাঁয় বিজিবির টাস্কফোর্স অভিযানে প্রায় সাত কোটি টাকার মাদক আটক
- প্রকাশের সময় : ০৬:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / 123
নওগাঁ সদর উপজেলার শাহাপুর এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা।
সোমবার (১৬ মার্চ) বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর টাস্কফোর্স দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, নওগাঁ থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসে ক্রিস্টাল মেথ আইস পাচার হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে শাহাপুর এলাকায় হোটেল মল্লিকার সামনে বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৩০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
অভিযানে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম (পিবিজিএমএস)-এর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল অংশ নেয়। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার এবং নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক অভিযানে উপস্থিত ছিলেন।
আটককৃত মাদকদ্রব্য নওগাঁ সদর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় মাদক পাচার ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।





















