কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলনে জরিমানা
- প্রকাশের সময় : ০৭:১৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / 142
ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ মার্চ) ত্রিলোচনপুর ইউনিয়ন-এর পারশ্রীরামপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে প্রশাসন জানতে পারে, ওই এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন উপেক্ষা করে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। পরে কালীগঞ্জ উপজেলা প্রশাসন-এর উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, ফসলি জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে প্রকৃতি ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।





















