গোপালগঞ্জে মৌসুমের প্রথম বৃষ্টিপাত
- প্রকাশের সময় : ১০:০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / 165
গোপালগঞ্জে কয়েক দিনের তীব্র গরমের পর অবশেষে বৃষ্টির দেখা মিলেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় মৌসুমের প্রথম বৃষ্টিতে তপ্ত প্রকৃতি যেমন শীতল হয়েছে, তেমনি জনমনে স্বস্তি ফিরে এসেছে।
জেলায় গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ক্রমেই বাড়ছিল। তীব্র গরমে সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ দুর্ভোগে পড়েন। বৃহস্পতিবার বিকেলের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। পরে সন্ধ্যার দিকে শুরু হয় স্বস্তির বৃষ্টি। এতে শহরের রাস্তাঘাট ভিজে যায় এবং গুমোট আবহাওয়া কেটে গিয়ে শীতল হাওয়া বইতে শুরু করে। জেলার বিভিন্ন স্থানে প্রায় এক ঘণ্টা বৃষ্টিপাত হয়।
রিকশাচালক সাইফুল মোল্যা বলেন, রোদ ও গরমে রিকশা চালানো কঠিন হয়ে পড়েছিল। সন্ধ্যায় বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছি। অপর রিকশাচালক সবুজ শেখ বলেন, কয়েক দিন ধরে গরমে খুব কষ্ট হচ্ছিল। বৃষ্টি হওয়ায় গরমভাব কিছুটা কমেছে।
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, জেলায় এদিন মৌসুমের প্রথম বৃষ্টিপাত হয়েছে। বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ৩০ মিনিটে জেলায় ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি আরও জানান, আগামী দুই থেকে তিন দিন জেলায় থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।





















