বিএনপির ইচ্ছাতেই মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় শপথ : আইন উপদেষ্টা
- প্রকাশের সময় : ০৬:০৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 151
বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রোববার সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে এবং সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পড়াবেন। শপথের পর বিএনপি তাদের সংসদীয় দলের প্রধান নির্বাচন করবে। একই দিন বিকেল ৪টায় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে, যা রাষ্ট্রপতি পড়াবেন বলে তিনি জানান।
কারা আমন্ত্রিত হবেন—এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিপরিষদ বিভাগ বলে উল্লেখ করেন তিনি। তার জানামতে সার্কভুক্ত দেশগুলোর মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি আরও বলেন, দক্ষিণ প্লাজায় শপথ আয়োজনের বিষয়ে বিএনপিই আগ্রহ প্রকাশ করেছিল। ছাত্র-জনতার আত্মত্যাগ ও গণঅভ্যুত্থানের মাধ্যমে পাওয়া এই সংসদ অন্য সংসদের চেয়ে ভিন্ন এবং সংসদ প্রাঙ্গণে ঘটে যাওয়া বিভিন্ন ঐতিহাসিক ঘটনার কারণে দক্ষিণ প্লাজাটি বিশেষ তাৎপর্যপূর্ণ।





















