নিউইয়র্কের পোস্ট অফিসের গুদামে বাংলাদেশের পোস্টাল ব্যালট

- প্রকাশের সময় : ১১:০১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / 218

নিউইয়র্কের একটি পোস্ট অফিসের গুদামে বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিপুলসংখ্যক পোস্টাল ব্যালট পড়ে থাকার ঘটনা প্রকাশ পেয়েছে। বিলি অযোগ্য হিসেবে চিহ্নিত হওয়ায় এসব ব্যালট স্টোরেজে রাখা হয়েছিল এবং নির্দিষ্ট সময় পর সেগুলো গার্বেজ হিসেবে ফেলে দেওয়ার ঝুঁকিও ছিল।
ঘটনাটি প্রথমে নজরে আসে একজন বাংলাদেশি আমেরিকান পোস্টালকর্মীর। কৌতূহলবশত তিনি বিষয়টি পোস্টাল ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তাদের অবহিত করেন এবং ব্যালট পেপারের গুরুত্ব তুলে ধরেন। পরবর্তীতে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট ও ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নজরে বিষয়টি আনা হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নড়েচড়ে বসে।
এ বিষয়ে জরুরি ভিত্তিতে ইউএস পোস্টাল ডিপার্টমেন্ট, বাংলাদেশের নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট কূটনৈতিক কর্মকর্তাদের মধ্যে একটি জুম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন এমন পরিস্থিতির সৃষ্টি হলো তা খতিয়ে দেখা হয় এবং দ্রুত সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়।
নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক জানান, যুক্তরাষ্ট্রে চিঠিপত্র জিপ কোডের ভিত্তিতে বিতরণ করা হয়। কিন্তু কিছু পোস্টাল ব্যালটের খামের ঠিকানায় পিও বক্স উল্লেখ থাকায় সেগুলো ডেলিভারি না হয়ে পোস্টাল ডিপার্টমেন্টের গুদামে জমা পড়ে ছিল। বিষয়টি চিহ্নিত হওয়ার পর বাংলাদেশ নির্বাচন কমিশন, দূতাবাস এবং ইউএস পোস্টাল ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে দ্রুত সঠিকভাবে ব্যালট বিতরণের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এর ফলে প্রবাসী বাংলাদেশি ভোটাররা নির্ধারিত সময়ের মধ্যেই তাদের পোস্টাল ব্যালট হাতে পাবেন এবং ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত হবে।

























