একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- প্রকাশের সময় : ১১:২৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / 164
একইদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট আবেদন করেন।
রিটে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত সংবিধান ও বিদ্যমান আইনসম্মত কি না, তা নিরূপণের জন্য আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এদিকে, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন গ্রহণ শুরু হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১০ জানুয়ারি থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এসব আপিলের শুনানি পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
ইসি সূত্র জানায়, রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের সিদ্ধান্তে সংক্ষুব্ধ প্রার্থীরা আগামী পাঁচ দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলের জন্য এক সেট মূল কাগজপত্র ও ছয় সেট ছায়ালিপি জমা দিতে হবে।
আপিল গ্রহণের জন্য নির্বাচন কমিশন সারাদেশকে ১০টি অঞ্চলে ভাগ করে পৃথক বুথ স্থাপন করেছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে নির্ধারিত সিরিয়াল অনুযায়ী শুনানি অনুষ্ঠিত হবে। ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে এই শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত, তবে পরিস্থিতি ও আপিলের সংখ্যা অনুযায়ী সময়সূচিতে পরিবর্তন হতে পারে।
শুনানি শেষে আপিলের ফলাফল তাৎক্ষণিকভাবে মনিটরে প্রদর্শন করা হবে এবং ই-মেইলের মাধ্যমে পিডিএফ কপি পাঠানো হবে। পাশাপাশি নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবন থেকে রায়ের হার্ডকপি সংগ্রহ করা যাবে।





















