আবারও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সায়েদুর রহমান
- প্রকাশের সময় : ০৪:৫৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / 167
পদত্যাগের একদিন পর আবারও অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ মেডিকেলের অধ্যাপক ছিলেন সায়েদুর রহমান। তাকে বিশেষ সহকারী নিয়োগ করা হয়েছিল প্রেষণ হিসেবে।
গত ৩০ ডিসেম্বর তার অবসরের তারিখ ছিল। নিয়মানুযায়ী, অবসরের মেয়াদ শেষ হওয়ায় সার্ভিস বেনিফিট পেতে মূল পদে ফেরত যেতে হয়। এজন্য তিনি পদত্যাগ করেছিলেন।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রুলস অব বিজনেস অনুযায়ী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ করেছেন। তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে।
বিশেষ সহকারী পদে থাকাকালীন তিনি প্রতিমন্ত্রীর বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।























