জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত খালেদা জিয়া
- প্রকাশের সময় : ০৪:৫৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / 213
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার বিকেলে জানাজা শেষে রাজধানীর জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি ও তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
দাফনকালে খালেদা জিয়ার কবরে সবার আগে নামেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ হাতে তিনি মাকে কবরে শায়িত করেন। বিকেল সোয়া চারটার দিকে জিয়া উদ্যানে দাফন কার্যক্রম শুরু হয় এবং কিছু সময় পর তা সম্পন্ন হয়।
এর আগে বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিএনপির শীর্ষ নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তি ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
জানাজা শেষে মরদেহ দাফনের জন্য জিয়া উদ্যানে নেওয়া হলে সড়কের দুপাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানান। এলাকাজুড়ে শোক ও নীরবতার আবহ বিরাজ করে। দাফন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করেন এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার দাফনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক বর্ণাঢ্য ও ঘটনাবহুল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো।























