ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়
- প্রকাশের সময় : ০৪:৩৫:১২ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / 213
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের একটি ভিডিওবার্তা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি যাচাই করে দেখা গেছে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নয়। ঢাকাভিত্তিক ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট বুধবার তাদের ফেসবুক পেজে এ তথ্য জানায়।
দ্য ডিসেন্ট জানায়, ভিডিওতে দৃশ্যমান ফয়সালের চেহারা, মুখভঙ্গি ও অভিব্যক্তি তার বাস্তব চেহারা ও পূর্বের ভিডিওগুলোর সঙ্গে পুরোপুরি সাযুজ্যপূর্ণ। ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ বিশ্লেষণ এবং অন্তত চারটি নির্ভরযোগ্য এআই যাচাই টুলে পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে, এটি এআই-জেনারেটেড নয়।
ভিডিওর কিছু ফ্রেমে নির্দিষ্ট মুখভঙ্গির সময় ফয়সালের থুতনির দাড়ি অদৃশ্য হয়ে যেতে দেখা যায়। দ্য ডিসেন্টের বিশ্লেষণ অনুযায়ী, ভিডিও রেকর্ডিংয়ের সময় ব্যবহৃত ফিল্টারের কারণে এমনটি ঘটেছে। এই বিষয়টি পুরো ভিডিওকে এআই-সৃষ্ট প্রমাণ করে না।
ভিডিওতে ফয়সাল দাবি করেন, তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। তবে কেবল এই ভিডিওর মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করা সম্ভব নয় এবং তিনি নিজেও বক্তব্যের বাইরে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
এছাড়া ভিডিওতে অন্তত একটি মিথ্যা তথ্য রয়েছে বলে জানায় দ্য ডিসেন্ট। ফয়সাল দাবি করেন, হাদি হত্যার সময় ব্যবহৃত মোটরসাইকেলে তিনি ছিলেন না। কিন্তু দ্য ডিসেন্টের আগের বিশ্লেষণ অনুযায়ী, হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত বাইকে ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর শেখ উপস্থিত ছিলেন। বাইকের পেছনে বসে গুলিবর্ষণকারী ছিলেন ফয়সাল করিম এবং চালক ছিলেন আলমগীর শেখ। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তেও এসব তথ্য নিশ্চিত হয় এবং দেশের শীর্ষ গণমাধ্যমে প্রকাশিত হয়।
ভিডিওতে ফয়সাল আরও অভিযোগ করেন, অর্থ ও খাদ্য মন্ত্রণালয়ের দুটি কাজ পাইয়ে দেওয়ার তদবিরের বিনিময়ে ওসমান হাদি তার কাছ থেকে অগ্রিম পাঁচ লাখ টাকা নিয়েছিলেন। দ্য ডিসেন্ট জানায়, হাদির মৃত্যুর পর এ ধরনের দাবি প্রমাণ বা অপ্রমাণ করা অসম্ভব। তবে তার বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ আগে শোনা যায়নি; বরং অন্তর্বর্তী সরকারের ক্ষমতাধর ব্যক্তিদের অনিয়মের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন।























