সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনি সভা, বেশ কয়েকজন বাংলাদেশি আটক

- প্রকাশের সময় : ১১:৩২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / 237

সৌদি আরবের বিভিন্ন এলাকায় অনুমতি ছাড়া বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সভা-সমাবেশ ও প্রচার-প্রচারণার ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। এ বিষয়ে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে রিয়াদে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় হলরুম ভাড়া করে, হোটেল-রেস্তোরাঁ কিংবা ব্যক্তিগত বাসাবাড়িতে অননুমোদিত সংগঠনের ব্যানারে নির্বাচনি সভা-সমাবেশ আয়োজন, দলবদ্ধভাবে প্রচার-প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সৌদি কর্তৃপক্ষ কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে।
এ অবস্থায় সৌদি আরবে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিকে সৌদি কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন, রাজনৈতিক প্রচার-প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে সৌদি আরবের আইন-কানুন ও বিধি-বিধান যথাযথভাবে মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

























