সন্তানকে বশে আনতে ‘জ্বীনের’ ফাঁদে মা, খোয়ালেন ৩৫ লাখ টাকা
- প্রকাশের সময় : ০২:৩১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / 199
নিউমার্কেট থানার পুলিশ রাজধানীর নিউমার্কেট এলাকায় এক নারীর অবাধ্য সন্তানকে ‘বাধ্য’ করার নামে ভয় দেখিয়ে ৩৫ লাখ টাকার বেশি হাতিয়ে নেওয়া কথিত তান্ত্রিক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো. রাকিব মাতব্বর, মো. আলাউদ্দিন ব্যাপারী, মো. মহিউদ্দিন ব্যাপারী, মো. মানিক, মো. ফরহাদ হোসেন ও মো. মেহেদী হাসান। তাদের কাছ থেকে ১৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর কবির জানান, ভুক্তভোগী নারী ১৯ আগস্ট রাজধানীর এলিফ্যান্ট রোডের ভাড়া বাসায় অবস্থানকালে ‘কোরআনিক শিফা’ নামে একটি ফেসবুক পেজে ‘অবাধ্য সন্তানকে বাধ্য করার উপায়’ শিরোনামের ভিডিও দেখেন। ভিডিওতে দেওয়া নম্বরে ফোন করলে নিজেকে তান্ত্রিক পরিচয় দেওয়া একজন ব্যক্তি জ্বীনের মাধ্যমে সন্তানের সমস্যার সমাধান করার কথা জানান।
প্রতারণার অংশ হিসেবে প্রথমে ভুক্তভোগীর কাছ থেকে ৫ হাজার ৫০০ টাকা নেওয়া হয়। পরে হোয়াটসঅ্যাপে ‘কালো জাদু’র ছবি পাঠিয়ে কাজ চলছে বলে জানান। পরদিন সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভয় দেখিয়ে ৪৯ হাজার টাকা দাবি করা হয় এবং নারী আবারও টাকা পরিশোধ করেন। এরপর ২১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময় মোট ৩৫ লাখ ৪৪ হাজার ১০৫ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।
ভুক্তভোগী বুঝতে পেরে নিউমার্কেট থানায় মামলা দায়ের করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে জিগাতলা, রায়েরবাজার ও যশোরে পৃথক অভিযান করে ছয়জনকে গ্রেফতার করে।
























