মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৪ অভিবাসী আটক
- প্রকাশের সময় : ১২:২৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / 73
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ১২৪ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে চৌকিট জিএম প্লাজায় প্রায় দুই ঘণ্টা এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করে মালয়েশিয়া কোম্পানি কমিশন, ভোক্তাবিষয়ক মন্ত্রণালয় এবং কুয়ালালামপুর সিটি হল।
অভিযানের সময় বহু বিদেশি দৌড়ে পালানোর চেষ্টা করেন। কেউ দোকানের ভেতরে লুকিয়ে পড়েন, আবার কেউ গ্রাহক সেজে রেহাই পাওয়ার চেষ্টা করেন। জরুরি সিঁড়ি ও লিফট ব্যবহার করে পালাতেও কয়েকজনকে দেখা যায়, কিন্তু শেষ পর্যন্ত তারা ধরা পড়েন।
অভিযানে পাকিস্তানি নাগরিক মুনিরকে আটক করা হয়। তিনি ইউএন কার্ড দেখালেও তার মেয়াদ গত বছরের অক্টোবরে শেষ হয়ে গেছে। মিয়ানমারের ২২ বছর বয়সী কামিদ নামের এক যুবকও আটক হন। তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি এবং জানান তিন মাস আগে এজেন্টকে ছয় হাজার রিঙ্গিত দিয়ে মালয়েশিয়ায় এসেছেন।
কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সাওপি ওয়ান ইউসুফ জানান, মোট ২০৫ জনকে তল্লাশি করা হয়। এর মধ্যে ২০ থেকে ৫৯ বছর বয়সী পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের ১২৪ জনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, বৈধ কাগজপত্র না থাকা, ভ্রমণ নথি না থাকা এবং ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া ইমিগ্রেশন আইন ৬(১)(সি) ও ১৫(১)(সি) অনুযায়ী অপরাধ হিসেবে বিবেচিত হয়।
অভিযানে ডিবিকেএল ছয়টি কম্পাউন্ড দেয় এবং লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও বিদেশি শ্রমিক রাখার দায়ে একটি দোকান বন্ধের নোটিশ জারি করে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য জালান দুতায় অবস্থিত কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিসে নেওয়া হয়েছে।
























