ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
- প্রকাশের সময় : ১১:০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / 80
ঢাকাসহ সারাদেশে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি ভারতেও অনুভূত হয়। আকস্মিক ভূমিকম্পে রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকে ভবন থেকে দৌড়ে বেরিয়ে আসেন।
মগবাজারের বাসিন্দা হুমায়ুন ফরিদ জানান, ভূমিকম্পের সময় তিনি খাট থেকে পড়ে যান এবং দ্রুত নিচে নেমে আসেন। তার মতো আশপাশের বাসিন্দারাও ভয়ে ভবন থেকে বের হয়ে আসেন। তিনি বলেন, মানুষের মধ্যে ভয় ও উদ্বেগ স্পষ্টভাবে দেখা গেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। হঠাৎ কম্পন শুরু হওয়ার পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্পের অভিজ্ঞতা শেয়ার করেন। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ও অন্যান্য বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বড় ধরনের আফটারশকের আশঙ্কা নেই, তবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।





















