আরও ৫৮৬ মামলার মুখোমুখি শেখ হাসিনা
- প্রকাশের সময় : ১০:০২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / 83
জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে এখন পর্যন্ত ৫৮৭টি মামলা হয়েছে। অপহরণ, হত্যাচেষ্টা, সহিংসতা, নাশকতা, নির্দেশদাতা, হুকুমদাতা ও পরিকল্পনাকারী হিসেবে অধিকাংশ মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে। এর মধ্যে শাপলা চত্বরে গণহত্যাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঁচটি মামলা রয়েছে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় তার বিরুদ্ধে ফাঁসির আদেশ দেওয়া হয়। এছাড়া দুর্নীতি দমন কমিশনের ছয়টি মামলাও রয়েছে। সব মিলিয়ে আরও ৬৮৬ মামলার মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, মোট মামলার মধ্যে ৩২৪টি হত্যা মামলা। শুধু ঢাকাতেই হত্যা ও হত্যাচেষ্টার ৩২১টি মামলা হয়েছে, যা সারা দেশের মামলার বড় অংশ। গত বছরের জুলাই–আগস্টের আন্দোলন–পরবর্তী সহিংসতার ঘটনায় সারা দেশে মোট ১ হাজার ৬০২টি মামলা হয়। এর মধ্যে ৫৯৯টি হত্যা মামলা এবং ১ হাজার ৩টি অন্যান্য মামলা। ভাঙচুর, অগ্নিসংযোগ, হামলা, লুটপাট, ভয়ভীতি প্রদর্শন ও দখলবাজির অভিযোগও রয়েছে।
এসব মামলার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে ৩২৪টি হত্যা মামলাসহ মোট ৫৮০টি মামলা এখনো তদন্তাধীন। এছাড়া আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ২ জুলাই তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা হয় গত বছরের ১৩ আগস্ট মোহাম্মদপুর থানায় ব্যবসায়ী আবু সাঈদ হত্যার অভিযোগে।





















