চট্টগ্রাম বন্দরের নতুন মাশুল আদায় এক মাসের জন্য স্থগিত
- প্রকাশের সময় : ০৯:০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / 85
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন মাশুল আদায়ের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি ১৪ সেপ্টেম্বরের গেজেট ও ৩০ সেপ্টেম্বরের সার্কুলার কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
রোববার (৯ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মহিউদ্দিন আবদুল কাদের এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
রিটকারীর আইনজীবী সাংবাদিকদের জানান, গত ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নতুন মাশুল আদায়ের সার্কুলার দেয়, যেখানে গড়ে ৪১ শতাংশ মাশুল বাড়ানো হয়। হাইকোর্ট সেই সার্কুলারের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন। ফলে আপাতত বাড়তি মাশুল আদায় করা যাবে না।
তবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী জানিয়েছেন, হাইকোর্টের এ স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
এর আগে ১৪ সেপ্টেম্বর বন্দরের নতুন মাশুল সংক্রান্ত গেজেট প্রকাশ করে কর্তৃপক্ষ। প্রজ্ঞাপন অনুযায়ী, বন্দরের বিভিন্ন সেবায় গড়ে ৪১ শতাংশ পর্যন্ত মাশুল বাড়ানো হয় এবং ১৫ অক্টোবর থেকে তা কার্যকর করার কথা বলা হয়। পরে বাংলাদেশ মেরিটাইম ল সোসাইটি নামের একটি সংগঠন এ প্রজ্ঞাপন ও সার্কুলারের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করে।























