ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাতে দুদকের মামলা
- প্রকাশের সময় : ০৪:৩৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / 104
অবৈধভাবে প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি ও আত্মসাতের ঘটনায় ৬৭ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৯ নভেম্বর) সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ জানান, ব্যাংকটির বিভিন্ন শাখা থেকে নিয়মবহির্ভূতভাবে বিপুল অঙ্কের ঋণ অনুমোদন, অর্থ স্থানান্তর ও আত্মসাতের অভিযোগ দীর্ঘদিন ধরেই তদন্তাধীন ছিল। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, ব্যাংকের অভ্যন্তরীণ প্রভাবশালী কর্মকর্তাদের সহযোগিতায় কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রতারণার মাধ্যমে ঋণের টাকা আত্মসাৎ করেছে।
সূত্র জানায়, এসব ঋণ নেওয়া হয় ভুয়া কোম্পানি গঠন, জাল কাগজপত্র ও অসাধু লেনদেনের মাধ্যমে। বেশ কয়েকজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিচালক এবং ঋণগ্রহীতা ব্যবসায়ী এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। তাদের বিরুদ্ধেই এই মামলার সুপারিশ করা হয়েছে।
দুদক বলছে, ইসলামী ব্যাংকের এই বিশাল অঙ্কের অর্থ আত্মসাত দেশের আর্থিক খাতের জন্য বড় ধাক্কা। কমিশন পুরো ঘটনাটি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করবে এবং দায়ীদের আইনের আওতায় আনা হবে।
এর আগে ২০২২ ও ২০২৩ সালে ইসলামী ব্যাংকে অনিয়ম, জালিয়াতি ও অবৈধ ঋণ বিতরণের অভিযোগে বাংলাদেশ ব্যাংকও তদন্ত পরিচালনা করেছিল। সে সময়ও ব্যাংকটির কিছু কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
দুদকের কর্মকর্তারা জানান, অভিযুক্তদের মধ্যে ব্যাংক কর্মকর্তা ছাড়াও কয়েকটি বড় ব্যবসায়ী গোষ্ঠীর নাম রয়েছে। তদন্তে প্রমাণিত হলে তাদের সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব ফ্রিজ করা হতে পারে।
এ ঘটনায় ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে তারা বলেছে, দুদকের তদন্তে ব্যাংক পূর্ণ সহযোগিতা করবে এবং আইন অনুযায়ী পদক্ষেপ নেবে।




















