জেলে থাকা আসামিরাও এবার ভোট দিতে পারবেন: সিইসি
- প্রকাশের সময় : ০১:১৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / 85
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জেলে থাকা আসামিরাও ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ নির্বাচনের সঙ্গে যুক্ত প্রায় ১০ লাখ মানুষের ভোটগ্রহণের ব্যবস্থাও করা হবে।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর ভাটারার আনসার গার্ড ব্যাটালিয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৌলিক প্রশিক্ষণের (চতুর্থ ধাপ) সমাপনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন, “প্রায় ১০ লাখ লোক নির্বাচনের সঙ্গে যুক্ত থাকবে। তারা সাধারণত ভোট দিতে পারেন না। এবার আমরা উদ্যোগ নিয়েছি যেন তারাও ভোট দিতে পারেন। এজন্য একটি অ্যাপ চালু করা হবে। দায়িত্বে থাকা সবাই রেজিস্ট্রেশন করে নেবেন, তাদের বাড়ির ঠিকানায় ব্যালট পৌঁছে যাবে এবং নির্ধারিত গাইডলাইন অনুযায়ী ভোট দিতে পারবেন।”
তিনি আরও বলেন, “আইনি হেফাজতে যারা কারাগারে রয়েছেন তারাও বাংলাদেশের নাগরিক। তাদের ভোটাধিকার নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রবাসীরাও এবার ভোট দিতে পারবেন।”
ভবিষ্যতের জন্য গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে নাসির উদ্দিন বলেন, “আমি এই দায়িত্বকে রুটিন কাজ বা চাকরি হিসেবে নিইনি; এটাকে আমি মিশন হিসেবে নিয়েছি, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।”
তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে গতানুগতিক ধারায় কাজ করলে চলবে না, ‘আউট অব দ্য ওয়েতে’ গিয়ে কাজ করতে হবে।”
সিইসি জানান, ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার মূল দায়িত্বে থাকবে আনসার বাহিনী। আগামী নির্বাচনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে, কারণ এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ দিকনির্দেশ নির্ধারণ হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।






















