বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে আসছে ৪ দেশের বিশেষজ্ঞ টিম
- প্রকাশের সময় : ১২:৪২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / 99
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের তদন্তে যুক্ত হবে চারটি দেশের বিশেষজ্ঞ দল। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করে আগুনের কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন।
শনিবার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১২টায় বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। “ফায়ার সার্ভিস ফেল করেনি,” তিনি বলেন। “এয়ারপোর্ট অথরিটির চারটি ইউনিট চার মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায়, আর ফায়ার সার্ভিসের ইউনিটগুলো আসে ১৫–২০ মিনিটের মধ্যে। আগুন দ্রুত ছড়ায় কারণ ওই স্থানে খাদ্যপণ্য বেশি ছিল, কেমিক্যাল নয়।”
তিনি আরও জানান, বিমানবন্দরে ইলেকট্রনিক গেট দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি রেমিট্যান্সযোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার উদ্যোগ নেবে বলেও আশ্বাস দেন।
বিমানবন্দরের ফায়ার ইউনিটের সক্ষমতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “যে ফায়ার ইউনিট বিমান পরিচালনার জন্য থাকে, সেটি কার্গো ভিলেজেও কাজ করতে পারে—এতে কোনো সমস্যা নেই।”
এসময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















