জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই: অলি আহমেদ
- প্রকাশের সময় : ১০:২৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / 108
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, জামায়াতে ইসলামী আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। জামায়াতে ইসলামী ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আর আওয়ামী লীগ ২০২৪ সালে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বিচারে মানুষ হত্যা করেছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপির আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই সনদের বক্তব্যগুলো এখনই বাস্তবায়ন সম্ভব নয়। আগামী সংসদেই তা বাস্তবায়ন করতে হবে। ভালো ও যোগ্য লোকদের সংসদে পাঠাতে পারলেই সুশাসন প্রতিষ্ঠিত হবে, মানুষ ন্যায়বিচার পাবে। দেশে যারা ভারতের দালালি করছে এবং ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যা করেছে, তাদের বিচার একদিন বাংলার মাটিতেই হবে।
তিনি আরও বলেন, আমাদের প্রতীক ছাতা—এটি উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলার প্রতীক। আমাদের প্রার্থী বিল্লাল মিয়াজি একজন সৎ ও ভালো মানুষ, তার পাশে থাকুন। বিএনপির সঙ্গে জোটগত নির্বাচনের বিষয়ে আলোচনা চলছে, এই আসনটি বিল্লাল মিয়াজিকে দেওয়ার বিষয়ে আমরা তারেক রহমানের সঙ্গে কথা বলব।
তিনি নিয়মিত নামাজ আদায়, আল্লাহ ও রসুলের প্রতি ভালোবাসা এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান।
সমাবেশের প্রধান বক্তা এলডিপির মহাসচিব ও পাঁচবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন, এ দেশের ছাত্র-জনতার আন্দোলনে আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত পালিয়ে যেতে বাধ্য করেছি। আমাদের জীবদ্দশায় এই স্বৈরাচারিণী ও তার দল আর কোনোদিন দেশে প্রতিষ্ঠা লাভ করতে পারবে না।
তিনি আরও বলেন, ভারত আমাদের ৪১টি নদীর প্রবাহ রোধ করে রেখেছে। আগামী নির্বাচনে ক্ষমতায় এলে আমরা ভারতের কাছ থেকে আমাদের পানির ন্যায্য অধিকার আদায় করব। যারা পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে, তাদের মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক আদালতের মাধ্যমে করা হবে।
সভায় সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা এলডিপির সভাপতি মো. আলাউদ্দিন প্রধান।
বিশেষ অতিথি ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য আওরঙ্গজেব বেলাল, চাঁদপুর-২ আসনের বিএনপি জোটের মনোনয়ন প্রত্যাশী ও এলডিপির যুগ্ম মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজি।
সভা সঞ্চালনা করেন উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মো. মহিবউল্ল্যা খোকন।
এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা এলডিপির সভাপতি অধ্যাপক কারিমা খাতুন, কেন্দ্রীয় এলডিপির আইনবিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম মিলু, কেন্দ্রীয় গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক শ্রমিক দলের এসএল আল মামুন, গণতান্ত্রিক ছাত্রদলের কাজী কামরুল ইসলাম এবং ইসলামাবাদ ইউনিয়ন এলডিপির সভাপতি ফয়েজ সরকার।





















