আগারগাঁওয়ের ভাইরাল ‘কেক পট্টি’ বন্ধের নির্দেশ
- প্রকাশের সময় : ১০:০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / 102
রাজধানীর আগারগাঁওয়ের ভাইরাল ‘কেক পট্টি’ বন্ধের নির্দেশ দিয়েছে পুলিশ। ট্রাফিক বিশৃঙ্খলার কারণে শুক্রবার (৯ অক্টোবর) থেকে নির্বাচন কমিশন ভবনের আশপাশে কোনো কেক বিক্রেতা বা অস্থায়ী দোকান বসতে পারবে না বলে জানানো হয়েছে।
শেরে বাংলা নগর থানার ওসি ইমাউল হক জানান, আইডিবি ও নির্বাচন কমিশন ভবনের আশপাশের সড়কে ভাসমান দোকান বসে যান চলাচলে মারাত্মক সমস্যা তৈরি করছিল। এ নিয়ে জনগণের অভিযোগ ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ব্যবস্থা নেয়। তিনি বলেন, “এলাকাটিতে গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। অবৈধ দোকানপাটের কারণে যানজট ও জনদুর্ভোগ বাড়ছিল। তাই দোকান সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন করে বসতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “জনগণ নিজেরাই অভিযোগ করছে, আবার একই জায়গায় গিয়ে খাওয়াদাওয়া করছে। তাই সবাইকে সহযোগিতা করতে হবে যাতে রাস্তায় এসব অবৈধ দোকান না বসে।”
জানা যায়, আগারগাঁও মেট্রো স্টেশনের পাশে কিছু তরুণ-তরুণী হাতে বানানো কেক বিক্রি শুরু করলে ‘কেক পট্টি’ নামের এই জায়গাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরবর্তীতে সেখানে ব্যাপক ভিড় জমে, ফলে রাস্তা জুড়ে জটলা তৈরি হয়।
সম্প্রতি ইনস্টিটিউট অব আর্কিটেক্টস থেকে নির্বাচন কমিশন ভবন পর্যন্ত এলাকায় প্রতিদিন সন্ধ্যায় কেক বিক্রেতা ও ক্রেতাদের উপচে পড়া ভিড়ে যান চলাচলে প্রতিবন্ধকতা দেখা দেয়, যার পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেয় পুলিশ।























