বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত ব্রাজিল রাষ্ট্রদূতের
- প্রকাশের সময় : ০৬:৩৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / 89
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সাথে আজ বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর বসুন্ধরাস্থ জামায়াতের আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ব্রাজিলের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা, উন্নয়ন এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি ব্রাজিলের দৃঢ় সমর্থন থাকার কথা পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে দু’ দেশের মধ্যে ভবিষ্যৎ সম্পর্ক আরো জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় রাষ্ট্রদূত জামায়াতের আমির ডা: শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।
সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং জামায়াতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান প্রমুখ। বাসস























