মালয়েশিয়াজুড়ে ব্যাপক অভিযান, আতঙ্কে অবৈধ প্রবাসীরা
- প্রকাশের সময় : ০২:৫৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / 88
মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। কুয়ালালামপুর, সেলাঙ্গর, পেনাং ও জোহরসহ বিভিন্ন রাজ্যে প্রতিদিন বাণিজ্যকেন্দ্র, নির্মাণশিল্প, বাজার, রেস্তোরাঁ ও আবাসিক এলাকায় ধরপাকড় চলছে। অভিযান চলাকালীন বাংলাদেশি, ইন্দোনেশীয়, মিয়ানমার, নেপালি ও পাকিস্তানি নাগরিক আটক হচ্ছেন। অধিকাংশ আটককৃতরা ভিসার মেয়াদোত্তীর্ণ বা শর্ত লঙ্ঘন করেছেন।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অবৈধ অভিবাসন দেশের আইন-শৃঙ্খলা, স্বাস্থ্যব্যবস্থা ও শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে বৈধ চ্যানেলে কর্মী আনার প্রক্রিয়া সহজ করার পরিকল্পনা করা হচ্ছে।
মানবাধিকারভিত্তিক সংগঠন নর্থ-সাউথ ইনিশিয়েটিভ (এনএসআই) বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ জীবন ও অধিকার রক্ষায় ১৮ দফা সুপারিশ করেছে। এতে অনৈতিক নিয়োগ প্রক্রিয়া, ঋণ বোঝা, মানবপাচার ও শোষণের বিরুদ্ধে পদক্ষেপ, আটক শ্রমিকদের আইনি সহায়তা, নারী শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ও শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি ইত্যাদি অন্তর্ভুক্ত।
বিশেষজ্ঞরা মনে করেন, বৈধ অভিবাসন শুধু মানবিক দায় নয়, অর্থনৈতিক প্রয়োজনও। অভিযান কঠোর আইন প্রয়োগের দৃষ্টান্ত হলেও প্রবাসী শ্রমিকদের জন্য উদ্বেগ সৃষ্টি করছে। এনএসআই’র প্রস্তাব বাস্তবায়ন হলে শ্রমিকরা নিরাপদভাবে কাজ করতে পারবে এবং দুই দেশের শ্রমবাজার ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।




















