দক্ষ কর্মী ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে গুনতে হবে এক লাখ ডলার

- প্রকাশের সময় : ১০:৫৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / 85

দক্ষ বিদেশি কর্মী হিসেবে যুক্তরাষ্ট্রে যেতে হলে এখন থেকে এক লাখ ডলার খরচ করতে হবে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নতুন নিয়ম অনুযায়ী, এইচ-ওয়ানবি (H-1B) ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আবেদনকারীদের পূর্বের এক হাজার ৫০০ ডলারের পরিবর্তে এক লাখ ডলার দিতে হবে। অর্থ না দিলে বা অপব্যবহার করলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে।
ওভাল অফিসে এই ঘোষণা দেন ট্রাম্প। সেখানে উপস্থিত ছিলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি বলেন, বড় বড় কোম্পানি ইতোমধ্যেই এতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের সুযোগ দিতে বিদেশিদের ওপর নির্ভরশীলতা কমানোই মূল লক্ষ্য।
২০০৪ সাল থেকে এইচ-ওয়ানবি ভিসার আবেদন বছরে ৮৫ হাজারে সীমাবদ্ধ রাখা হয়েছে। এতদিন এই ভিসার জন্য প্রশাসনিক খরচ মিলিয়ে প্রায় ১ হাজার ৫০০ ডলার লাগত। তবে এবার ফি এক লাখ ডলার হওয়ায় অনেক ছোট ও মাঝারি ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
অভিবাসন আইনজীবী তাহমিনা ওয়াটসন বলেন, এই সিদ্ধান্ত ছোট ব্যবসা ও স্টার্ট-আপের জন্য “কফিনে শেষ পেরেক” হয়ে দাঁড়াবে। অন্যদিকে প্রযুক্তি বিশেষজ্ঞ জর্জ লোপেজের মতে, এটি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রতিযোগিতায় নেতিবাচক প্রভাব ফেলবে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর এইচ-ওয়ানবি ভিসার সবচেয়ে বেশি সুবিধাভোগী প্রতিষ্ঠান ছিল অ্যামাজন, এরপর টাটা, মাইক্রোসফট, মেটা, অ্যাপল ও গুগল। তবে নতুন সিদ্ধান্তে আবেদন উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

























