দেশে ফিরে সব ‘গুঞ্জনের’ আবসান ঘটালেন আবদুল হামিদ
- প্রকাশের সময় : ১০:৪৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
- / 193
চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রবিবার (৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রায় এক ঘণ্টার ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে রাত ৩টায় তিনি বিমানবন্দর ত্যাগ করেন।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ইমিগ্রেশন সম্পন্ন হয়েছে এবং তিনি বিমানবন্দর ত্যাগ করেছেন।
গত ৮ মে চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। তবে তার এ সফর ঘিরে দেশজুড়ে পালিয়ে যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। কারণ, এর কিছুদিন আগে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের হয়, যার সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নামও যুক্ত ছিল।
পালিয়ে যাওয়ার অভিযোগ নাকচ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো জানিয়েছিল, তার নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না। এরপরও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তিনজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।
২০২৪ সালের আগস্টে অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের আগে সহিংসতা সহস্রাধিক প্রাণহানির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দলের লোকজনের বিরুদ্ধে সারাদেশে মামলা হয়। এরই অংশ হিসেবে চলতি বছর ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়, যাতে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের নামও ছিল।
এক মাস পর দেশে ফিরে এসব গুঞ্জনের অবসান ঘটালেন সাবেক রাষ্ট্রপতি। তার প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।






















