আজও ‘ইশরাক ইশরাক’ স্লোগান, নগর ভবনে সেবা বন্ধ
- প্রকাশের সময় : ০২:৫৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
- / 119
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে আজও নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন কর্পোরেশনের কর্মচারীরা ও তার অনুসারীরা। মঙ্গলবার (৩ জুন) সকাল থেকেই রাজধানীর গুলিস্তানে ডিএসসিসির প্রধান কার্যালয়ে ভিড় জমাতে থাকেন আন্দোলনকারীরা।
‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ ও ‘ঢাকাবাসীর ব্যানারে’ একত্রিত হয়ে ইশরাকের সমর্থকেরা নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। পাশাপাশি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের গেটেও তালা দেওয়া হয়। এতে নগর ভবনের সকল সেবা কার্যক্রম আজও সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।
নগর ভবনের ভেতরের সিঁড়িতে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করার দাবিতে একটানা স্লোগান দিতে থাকেন। স্লোগানে একাধিকবার ধ্বনিত হয়— “ইশরাক, ইশরাক”, যা পুরো নগর ভবনজুড়ে ছড়িয়ে পড়ে।
এদিকে, আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ ও খোঁজখবর নিতে বিকেল ৩টার দিকে নগর ভবনে আসার কথা রয়েছে ইশরাক হোসেনের। তার আগমন ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।





















