এ সরকার প্রতিষ্ঠার সময় আমরা সাপোর্ট দিয়েছি এবং এখনও সাপোর্ট দিয়ে যাচ্ছি – আব্দুল আউয়াল মিন্টু

- প্রকাশের সময় : ০৫:১৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / 349

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস হেচয়ারম্যান আব্দুল অউয়াল মিন্টু বলেছেন, এ সরকার প্রতিষ্ঠার সময়ও আমরা সাপোর্ট দিয়েছি এবং এখনও সাপোর্ট দিয়ে যাচ্ছি। সংস্কারের ব্যাপারে বিএনপির কোনো দ্বিমত নেই। তবে সংস্কারের দোহাই দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া দীর্ঘদিন দেশ পরিচালিত হোক বিএনপি তা চায় না। গত শুক্রবার বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দিতে লাল তীর হাইব্রিড পেঁয়াজ প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি এ কথা বলেন। উপজেলার সোনাপুর বড় হিজলী জুলফিকার সিদ্দিকিয়া ওয়াজেদিয়া আলিম মাদ্রাসার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক, জনপ্রতিনিধিত্বশীল ও জনগণের কাছে দায়বদ্ধ থাকা সরকার প্রতিষ্ঠা হবে। কিন্তু সরকার যখন ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কথা বলে আবার জুনে করবে বলে। তখন আমাদের কাছে দ্বিধা লাগে। তিনি আরও বলেন, কয়েকদিন আগে একটি বিনিয়োগ সম্মেলন হয়েছে। বিনিয়োগের জন্য তারা যে সম্মেলন করেছে সেটাকে আমরা সাধুবাদ জানাই। সরকারের চেষ্টাকেও সাধুবাদ জানাই। কিন্তু দেশে রাজনৈতিক নিশ্চয়তা ও স্থিতিশীলতা যদি না থাকে, গণতান্ত্রিক সরকার যদি না থাকে তাহলে বিনিয়োগ খুব একটা বেশি আসবে না। আমরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি চাই, অর্থনৈতিক উন্নয়ন চাই, মানুষের জীবনমানের উন্নয়ন চাই। এগুলো যদি করতে হয় তাহলে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে। আর বিনিয়োগ বাড়াতে হলে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তৃতা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. শহিদুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান, কেন্দ্রীয় কৃষক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট, রাজবাড়ী জেলা বিএনপির আহŸায়ক লিয়াকত আলী বাবু, সদস্য সচিব কামরুল আলম, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল প্রমুখ। এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
























