গাজায় গণহত্যার প্রতিবাদ
ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর
- প্রকাশের সময় : ০৭:৪২:১১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / 129
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে দেশে বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দেশের নানা জায়গায়, বিশেষত কক্সবাজার, বগুড়া, সিলেট ও গাজীপুরে ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে উত্তেজিত জনতা কেএফসি, বাটা, পিৎজা হাট ও অন্যান্য দোকানে হামলা চালিয়েছে।
কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল থেকে অন্তত পাঁচটি রেস্তোরাঁ ভাঙচুর করা হয়। দুপুর ১২টার দিকে কক্সবাজার পাবলিক লাইব্রেরির সামনে শহীদ দৌলত ময়দান থেকে একটি মিছিল শুরু হয়। মিছিল থেকে কেএফসি, পিৎজা হাট, কাঁচা লঙ্কা, পানশি, এবং মেরিন ফুড রেস্তোরাঁ ভাঙচুর করা হয়। কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল বলেন, ‘বিক্ষোভকারীরা ইসরায়েলি পণ্য বর্জনের নামে আমাদের রেস্তোরাঁ ভাঙচুর করেছে। আমরা ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলি পণ্য বর্জনে সক্রিয় আছি। প্রশাসন থেকে ন্যায্য বিচার চাই।’
বগুড়ায় হাজারো ছাত্র-জনতা বিশাল প্রতিবাদ সমাবেশ করেছে। বিক্ষোভের মধ্যে দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে বগুড়া শহরের সাতমাথা এলাকায় বাটা জুতার শোরুমে ভাঙচুর হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, ‘বিক্ষোভকারীরা বাটা শোরুমের গ্লাস ভেঙে দিয়েছে।’
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিক্ষোভ করেন হাজারো ছাত্র-জনতা। বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট শহরের মিরবক্সটুলা এলাকায় কেএফসির একটি শাখায় হামলা-ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। এছাড়া, কোমল পানীয় কোকা-কোলা রাখার জন্য কয়েকটি রেস্তোরাঁ ভাঙচুর করে জনতা। জনতা বিভিন্ন দোকান থেকে কোকাকোলা ও পেপসির কোমল পানীয় বের করে রাস্তায় ফেলে দেয়।
এদিকে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বাটা জুতোর শোরুমের সামনে ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে বোর্ডবাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাটা শোরুমসহ বিভিন্ন দোকানের সামনে বিলবোর্ড-ব্যানার ভাঙচুর করে জনতা। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, ‘জনতা সেভেন আপের বিলবোর্ড ভেঙে দিয়েছে এবং ইসরায়েলি পণ্য বর্জনের দাবি জানিয়ে দোকান বন্ধ করতে বলেছে।’





















