বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

- প্রকাশের সময় : ১২:০০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / 0

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে উঠতে বিমানবন্দরে গিয়েছিলেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার দিবাগত রাতে বিমানবন্দরে গ্রেপ্তারের পর সুইডেন আসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছে অভিবাসন কার্যক্রম সম্পন্ন করার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়া এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ২২টি মামলা হয়েছে। এর মধ্যে ৯টি হত্যা মামলা বলে জানা গেছে।
চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম ছিল। ১৯৮৬ সালে রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজারে একটি স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর একের পর এক হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
একপর্যায়ে তিনি কিছুদিন সুইডেনে অবস্থান করেন। সেখান থেকে দেশে ফেরার পর তার নামের সঙ্গে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়। সেই থেকে তিনি সুইডেন আসলাম নামে পরিচিতি পান।
২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তারের পর তাকে বিভিন্ন কারাগারে রাখা হয়। ২০১৪ সাল থেকে তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কারাগারে তার হাজতি নম্বর ছিল ৬৬৩/২০।
দীর্ঘদিন কারাবন্দি থাকার পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান নব্বইয়ের দশকে আলোচিত এই শীর্ষ সন্ত্রাসী। এবার বিদেশ যাওয়ার প্রস্তুতিকালে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করল পুলিশ।

























