কালুখালীতে ঘোড়দৌড় দেখতে মানুষের ভিড়

- প্রকাশের সময় : ০৭:৪১:০১ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
- / 198

রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের লাড়িবাড়ি গ্রামের বড় বিলা মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে গত শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে দেওয়া হয় পুরস্কার। বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ এই প্রতিযোগিতা দেখতে মাঠে ভিড় করেন। এ প্রতিযোগিতায় কয়েকটি জেলার ২৫ টি ঘোড়া অংশ নেয়।
ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে দুপুরের পর থেকেই বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ঢল নামে মাঠে। এ উপলক্ষে বসে মেলাও। মাঠের পাশে বসেছিল বিভিন্ন রকমের মুখরোচক খাবারের দোকান। সকাল থেকে ছোট বড় বিভিন্ন আকৃতির ঘোড়া মাঠে আসতে থাকে। বিকেলে যথাসময়ে শুরু হয় ঘোড়দৌড় প্রতিযোগিতা। মাঠের চারিদিকে থাকা হাজার হাজার দর্শক করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহ দিয়ে মনোমুগ্ধকর পরিবশের সৃষ্টি করে। গত ১০/১২ বছর ধরে এ মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এসময় প্রতিযোগিতা দেখতে আসা খাইরুল হক জানান, তিনি প্রথমবারের মত দেখতে এসেছেন এ প্রতিযোগিতা। এটা দেখে তিনি খুবই আনন্দিত। এমন প্রতিযোগিতা প্রতি বছরই আয়োজনের দাবি জানান তিনি।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম স্থান অধিকার করে ৩২ ইঞ্চি এলইডি টিভি জিতে নেন মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার রবিউল ইসলাম, দ্বিতীয় স্থান বিজয়ী মাগুরা জেলার হিরু মোল্লা পেয়েছেন ২৪ ইঞ্চি এলইডি এবং তৃতীয় স্থান বিজয়ী পাংশার আশুরহাট গ্রামের তোফাজ্জেল হোসেন পেয়েছেন রাইস কুকার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষক দলের সভাপতি মো. আইবুর রহমান, বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম মুজাহিদ, সাওরাইল ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মো. আলাউদ্দিন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্কাস আলী মোল্লা প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি মো. আনিসুর রহমান মোল্লা।
ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজকদের অন্যতম আব্দুর রব বলেন, পূর্বপুরুষদের ঐতিহ্য আর এলাকাবাসীর প্রত্যাশা পূরণ করতেই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মানুষের উৎসাহ আর উদ্দীপনা দেখে ভালো লাগছে। এমন আয়োজন করতে পেরে তিনি খুশী।
























