জীবন বাঁচাতে সমন্বিত অগ্নিনিরাপত্তার বিকল্প নেই: রাজউক চেয়ারম্যান

- প্রকাশের সময় : ০৬:৩৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 0

ভবন নির্মাণে অধিকাংশ মালিক বাজেটকে গুরুত্ব দিলেও নিরাপত্তার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করেন না। ঢাকার অনেক উঁচু ভবনে জরুরি নির্গমন পথের পর্যাপ্ত ব্যবস্থা নেই। এমনকি নামীদামি রেস্তোরাঁতেও যত্রতত্র গ্যাস সিলিন্ডার রাখা হচ্ছে। এসব অব্যবস্থাপনা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে বলে মন্তব্য করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১০ম আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপোর দ্বিতীয় দিনের প্রথম পর্বের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজউক চেয়ারম্যান বলেন, অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে সঠিক পরিকল্পনা ও নকশা প্রণয়নের পাশাপাশি সে অনুযায়ী বাস্তবায়ন জরুরি। বিদ্যমান ভবনগুলোতে অগ্নিনিরাপত্তাব্যবস্থা সমন্বিত করতে সরকার নতুন বিধিমালা প্রণয়ন করছে। সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণও জোরদার করতে হবে। জীবন বাঁচাতে সমন্বিত অগ্নিনিরাপত্তার বিকল্প নেই।
ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) আয়োজিত এ মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশনের (এনএফপিএ) সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘জীবনের নিরাপত্তা ও জরুরি নির্গমন পথ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থপতি অধ্যাপক ড. নিজামউদ্দিন আহমেদ। সেমিনার সঞ্চালনা করেন ইসাবের সাবেক সহসভাপতি এম মাহমুদুর রশিদ।
মূল প্রবন্ধে অধ্যাপক ড. নিজামউদ্দিন আহমেদ বলেন, ঢাকার বিভিন্ন আবাসিক এলাকার অনেক ভবনের জরুরি নির্গমন সিঁড়ি নিরাপদ নয়। এমনকি সরকারি প্রতিষ্ঠানের জরুরি নির্গমন পথও তালাবদ্ধ থাকে। গুলশানের ২০ তলা ভবনেও জরুরি নির্গমন পথ খুঁজে পাওয়া কঠিন। ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করে নকশার অনুমোদন নেওয়ার পরও অনেকে অগ্নিনিরাপত্তার সরঞ্জাম ও ব্যবস্থা সচল রাখেন না। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সচেতনতা প্রয়োজন।
আলোচনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও প্রশাসন) কর্নেল মো. মাহমুদুল হাসান বলেন, অগ্নিনিরাপত্তার জন্য পরিকল্পনার পাশাপাশি তার যথাযথ বাস্তবায়ন জরুরি। পুরোনো ভবনের মালিকদের ক্ষেত্রে কিছু বিষয়ে ছাড় দিয়ে তাঁদের নিরাপত্তাব্যবস্থার আওতায় আনার প্রয়োজন হতে পারে। তবে নতুন ভবনের মালিকদের কোনো ছাড় দেওয়া উচিত নয়। ভবনমালিকদের চাহিদার চেয়ে নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিতে হবে।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বলেন, গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোর আধুনিক নিরাপত্তাব্যবস্থা তাঁদের অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া গেলে প্রাণহানি কমানো সম্ভব। এ জন্য ভবনমালিক ও বসবাসকারীদের সচেতনতার পাশাপাশি ডিজিটাল অগ্নিনিরাপত্তাব্যবস্থার ওপর গুরুত্ব দিতে হবে।
ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাসুদ উর রশিদ বলেন, ভবনমালিকেরা অনেক সময় সিঁড়ির সংখ্যা কম রাখার জন্য চাপ দেন। ঢাকার আবাসিক এলাকার ৮৭ শতাংশ বাসিন্দা ভাড়াটিয়া। তাঁদের বড় একটি অংশ অগ্নিনিরাপত্তাব্যবস্থা যাচাই না করেই ভবনে বসবাস করেন। এ ক্ষেত্রে ভবনমালিক থেকে শুরু করে বাসিন্দা—সবার সচেতন হওয়া প্রয়োজন।
ইসাবের সাবেক সভাপতি মো. মোতাহার হোসেন খান বলেন, বড় ভবন নির্মাণের ক্ষেত্রে অনেকে অগ্নিনিরাপত্তার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেন না। অথচ মানুষের জীবনের নিরাপত্তার স্বার্থেই এ বিষয়ে গুরুত্ব দিতে হবে। ইসাবের সহসভাপতি মো. রেজাউর রহমানও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সচেতনতার ওপর গুরুত্ব দেন।
একই দিন বিকেলে ‘বাংলাদেশে নকল অগ্নিনির্বাপণ সরঞ্জাম বিপণনের বিরুদ্ধে সচেতনতা তৈরি’ শীর্ষক পঞ্চম সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনএএফএফসিওর টেকনিক্যাল ম্যানেজার ও সার্টিফায়েড ফায়ার প্রোটেকশন স্পেশালিস্ট অনু জর্জ। সেমিনার সঞ্চালনা করেন ইসাবের নির্বাহী সদস্য প্রকৌশলী সাব্বির হোসেন।
আয়োজকেরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকছে। এবারের আয়োজনে ২০টির বেশি দেশের ১২০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান ১৩টির বেশি পণ্য ও সেবা বিভাগে আধুনিক অগ্নিনির্বাপণ সরঞ্জাম, সিসিটিভি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নজরদারি ও সাইবার নিরাপত্তা প্রযুক্তি প্রদর্শন করছে। মেলায় ২০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম প্রত্যাশা করছেন আয়োজকেরা।
মেলার অংশ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ইসাবের যৌথ উদ্যোগে অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া, জাতীয় জরুরি হটলাইন ১০২ সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা এবং সরকারি স্বেচ্ছাসেবক নিবন্ধন বুথ চালু রয়েছে।

























