বিএনপির নাম করে চাঁদাবাজি করলে রাজনীতি করার অধিকার নেই : আইনমন্ত্রী

- প্রকাশের সময় : ০৩:০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 19

বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিএনপির নাম করে যারা চাঁদাবাজি করছেন, তাদের রাজনীতি করার অধিকার নেই। চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসীরা বিএনপির জন্য জঞ্জাল।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, একজন-দুজন চাঁদাবাজির কারণে সমাজে বিএনপির বদনাম ছড়াবে, তা হতে পারে না। গত ১৬ বছরে এসব চাঁদাবাজ রাতের অন্ধকারে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে টিকে ছিল। আগামী দিনগুলোতেও তারা আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ বজায় রাখবে। সংকটের সময় কেউ কেউ আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার চেষ্টা করবে।
তিনি আরও বলেন, ‘আমরা প্রতিশ্রুতি দিয়ে এসেছি, একজন-দুজন মাদক কারবারির কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধূলিসাৎ হতে দিতে পারি না। একজন-দুজন চাঁদাবাজের কারণে তাঁর আদর্শ নস্যাৎ হতে দিতে পারি না। বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজি করছেন, এ সমাজে তাদের টিকে থাকার অধিকার নেই।’
আইনমন্ত্রী প্রশাসনের উদ্দেশে বলেন, এরপর কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে চোখ-কান বন্ধ করে তাকে গ্রেপ্তার করবেন। এরা বিএনপির জন্য জঞ্জাল, দলের জন্য আবর্জনা ও বোঝা। বিষয়টি মাথায় রেখে আগামী দিনে কাজ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে প্রশাসনের পাশে থাকার আশ্বাসও দেন মন্ত্রী।
অনুষ্ঠানে ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ বিন হাসান, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





















