২০০ টাকার নিচে মিলছে না মাছ, অপরিবর্তিত গরুর মাংসের দাম

- প্রকাশের সময় : ১২:২৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 10

রাজধানীর বাজারে মাছের দাম এখনো চড়া। তেলাপিয়া ও পাঙ্গাসের মতো সাধারণ মাছও বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০ টাকার বেশি দামে। অন্যদিকে গলদা চিংড়ি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে অন্তত ৮০০ টাকা। দেশি ও সামুদ্রিক মাছের দামও রয়েছে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। তবে গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮০ টাকা দরে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর রায়েরবাজার ঘুরে মাছ, মুরগি ও ডিমের বাজারে এমন চিত্র দেখা গেছে।
বাজারে প্রতি কেজি তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ২৩০ টাকা, চাষের কই ২৮০, বায়লা ৩২০, ছোট পাঙ্গাস ২০০ এবং বড় পাঙ্গাস ২৭০ টাকায়। কাতলা মাছের দাম শুরু হয়েছে ৩০০ টাকা থেকে। বড় আকারের কাতলা কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে অন্তত ৫০০ টাকা।
এ ছাড়া ছোট চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা, গলদা চিংড়ি ৮০০, শোল ৬০০, টেংরা ৫৪০, পাবদা ৩৮০, চাষের শিং ৩০০, পোয়া ৩৫০ এবং মিরকা মাছ ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছ বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবার অন্যান্য দিনের তুলনায় মাছের দাম কিছুটা বেশি থাকে। সাধারণত ১০ থেকে ২০ টাকার পার্থক্য হয়। গত সপ্তাহের তুলনায় মাছের দাম খুব একটা বাড়েনি বা কমেনি। দাম বাড়লে ব্যবসায়ীদেরও বেশি পুঁজি বিনিয়োগ করতে হয়।
দেশি ও সামুদ্রিক মাছের বাজারেও চড়া দাম দেখা গেছে। প্রতি কেজি আইড় মাছ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা, বাইন মাছ ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা এবং দেশি শিং মাছ ১ হাজার টাকায়। আর সামুদ্রিক পাঙ্গাসের কেজি ১ হাজার ২০০ টাকা।
বাজারে মাছ কিনতে আসা রবিউল আলম বলেন, তিনি ৬০০ টাকা কেজি দরে শোল মাছ কিনেছেন। দাম আগের মতোই রয়েছে। পাশাপাশি বড় পাঙ্গাস কিনেছেন ২৭০ টাকা কেজি দরে। তবে ছোট পাঙ্গাসের দাম কিছুটা কম।
মাছের পাশাপাশি মুরগির বাজারেও দামের পার্থক্য রয়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকায়।
অন্যদিকে গরুর মাংসের দাম আগের মতোই রয়েছে। রায়েরবাজারের রবিন মাংস বিতানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। প্রতি ডজন ডিমের দাম ১৪০ টাকা।
মাংস বিক্রেতা মো. লিটন বলেন, মাংসের দাম আগের মতোই রয়েছে। দাম বাড়েনি, আবার কমেওনি।

























