হিউজের চলে যাওয়ার দিনে মনে পড়ে লাম্বাকেও

- প্রকাশের সময় : ১০:৩০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 2

- ক্রিকেট বিশ্বকে বিমূঢ়, হতবাক, শোকাচ্ছন্ন করে ফিলিপ হিউজের এই নশ্বর পৃথিবী ছেড়ে অজানা অচেনা সেই রহস্যলোকে পাড়ি জমানোর ১২ বছর।
- ফিল হিউজের ওই মৃত্যু শুধু অস্ট্রেলিয়ান ক্রিকেটকেই নয়, কাঁপিয়ে দিয়েছিল ক্রিকেট বিশ্বকেই।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — দেখতে দেখতে এক যুগ! ক্রিকেট বিশ্বকে বিমূঢ়, হতবাক, শোকাচ্ছন্ন করে ফিলিপ হিউজের এই নশ্বর পৃথিবী ছেড়ে অজানা অচেনা সেই রহস্যলোকে পাড়ি জমানোর ১২ বছর। জীবনটা যখন মাত্রই ফুটে উঠতে শুরু করেছে, তখনই চলে গেছেন ফিল হিউজ। ২৬তম জন্মদিনের তিন দিন আগে।আগের দুটি দিন ছিলেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ২০১৪ সালের ২৫ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডের ম্যাচে ব্যাটিংয়ের সময় বাউন্সার লেগেছিল ঘাড়ের এক পাশে। টালমাটাল হিউজকে মুখ থুবড়ে পড়ে যেতে দেখে সবার মনে যে ভয়টা জেঁকে বসেছিল, সত্যি হয়েছিল সেটাই। ফিল হিউজের আর উঠে দাঁড়ানো হয়নি। ২৬ টেস্ট আর ২৫টি ওয়ানডেতেই থেমে যাওয়া আন্তর্জাতিক ক্যারিয়ার অর্জনের গল্পের বদলে তাই অনন্ত এক আক্ষেপের নাম—আরও কত কী-ই না হতে পারত!
খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ
ফিল হিউজের ওই মৃত্যু শুধু অস্ট্রেলিয়ান ক্রিকেটকেই নয়, কাঁপিয়ে দিয়েছিল ক্রিকেট বিশ্বকেই। কোনো ব্যাটসম্যানের মাথায় বল লাগলেই আতঙ্কের শুরুও তখন থেকে। যেটির প্রভাব পড়েছে ক্রিকেটের আইনেও। ‘কনকাশন সাব’ চালু হওয়ায় নিশ্চিত করেই ভূমিকা রেখেছে হিউজের মৃত্যু। হেলমেটে যোগ হয়েছে বাড়তি সুরক্ষা। এসব তো হিউজকে মনে করিয়ে দেয়ই, প্রতিবছর তাঁর মৃত্যুবার্ষিকীতে সতীর্থরাও স্মরণ করেন হারিয়ে যাওয়া বন্ধু-ছোট ভাইকে।ফিল হিউজকে ‘অমর’ করে রাখার বন্দোবস্তও করে রাখা হয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। হিউজের মৃত্যুর কয়েক মাস পর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গিয়ে প্রথমেই ছুটে গিয়েছিলাম স্বাগতিক দলের ড্রেসিংরুমের সামনে। সিঁড়ির ঠিক ওপরে দরজার পাশে ফিল হিউজের স্মরণে ব্রোঞ্জের ফলকটা দেখতে। হিউজের আবক্ষ একটা মুখের ছবির নিচে উৎকীর্ণ তাঁর ক্রিকেটীয় কীর্তির সংক্ষিপ্ত বর্ণনা। সেটির পাশে দাঁড়িয়ে ছবি তোলার সময় দেখলাম, ওই ফলকটি দেখার ব্যগ্রতা শুধু আমার একার নয়, এসসিজি দর্শনার্থীদের একটা জটলামতোই হয়ে গেছে সেখানে।
ওই ফলকের লেখাগুলো পড়তে পড়তে আমার রমন লাম্বার কথা মনে পড়েছিল। যেমন মনে পড়ছে ফিল হিউজের আরেকটি মৃত্যুবার্ষিকীতে। অস্ট্রেলিয়ান ক্রিকেট ফিল হিউজকে মনে রেখেছে, মনে রেখেছে বিশ্ব ক্রিকেটও। যত দিন এসসিজিতে ক্রিকেট খেলা হবে, সবাইকে হিউজের কথা মনে করিয়ে দেবে ওই ফলক। কিন্তু রমন লাম্বার স্মরণে এমন কিছু তো কোথাও নেই।
‘এ পৃথিবী একবার পায় তারে, পায় নাকো আর’
খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান
কিন্তু থাকা কি উচিত ছিল না! ক্রিকেট মাঠে ক্রিকেট বলের আঘাতে মৃত্যুর কথা বললে ফিল হিউজের কথাই সবার আগে মনে পড়ে। এরপরই তো চোখের সামনে ভেসে ওঠে রমন লাম্বার মুখ। সেটি কি লাম্বার মৃত্যু এই ঢাকায়, শুধু এ কারণে? আমার ক্ষেত্রে কি ভূমিকা রাখছে রমন লাম্বার সঙ্গে ব্যক্তিগত স্মৃতিও? অনেকবার কথা হয়েছে, সাক্ষাৎকারও নিয়েছি কম নয়। তবে এসবই শুধু কারণ নয়। মৃতদের লো প্রোফাইল-হাই প্রোফাইল করে ভাগ করাটা একটু অরুচিকরই লাগে। তবে বোঝানোর স্বার্থে বলা যেতেই পারে, ক্রিকেট বলের আঘাতে মৃত্যু হয়েছে, এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে হাই প্রোফাইল তো ফিল হিউজ আর রমন লাম্বাই।
একটা বড় পার্থক্য আছে। হিউজকে শক্তিশেল আঘাত করেছিল ব্যাটিংয়ের সময়। বল মাথায় আঘাত করার সময় লাম্বা করছিলেন ফিল্ডিং। আমাদের অনেকেরই নিজের চোখে দেখা, তবে ক্রিকেটে আগ্রহী বাংলাদেশের তরুণ প্রজন্মের তো আর তা নয়। স্মৃতিচারণা তাই করা যেতেই পারে। ১৯৯৮ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনী-মোহামেডান ম্যাচ। সেই সময়কার ঢাকা স্টেডিয়ামে। এখন যেটির নাম বঙ্গবন্ধু স্টেডিয়াম। সেই সময়কার আবাহনী-মোহামেডান ম্যাচ এই দেশে কেমন উত্তাপ ছড়াত, আজকের কিশোর-তরুণদের কাছে তা অলীক গল্পগাথা মনে হবে। সেই ম্যাচে ফরোয়ার্ড শর্ট লেগে ফিল্ডিংয়ের সময় মেহরাব হোসেন অপির পুল শট সরাসরি গিয়ে লাগে লাম্বার মাথায়। স্বভাবগতভাবেই ছিলেন ডাকাবুকো। ক্লোজ ইন পজিশনে বেশির ভাগ সময় হেলমেট ছাড়াই ফিল্ডিং করতেন। ফরোয়ার্ড শর্ট লেগে গিয়ে দাঁড়ানোর সময় ওভারের মাত্র তিনটি বলই বাকি আছে বলে আর হেলমেটের জন্য অপেক্ষা করেননি লাম্বা।
ক্রিকেটার মুশফিককে তো চেনেন, মানুষ মুশফিককে চেনেন কতটা



















