এসি ও বিদ্যুৎ ছাড়াই ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের নতুন পদ্ধতি আবিষ্কার

- প্রকাশের সময় : ০৮:০০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 2

- অসহনীয় গরমে স্বস্তি পেতে এবং রাতে আরামদায়ক ঘুমের জন্য নিয়মিত শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহার করেন অনেকে।
- গবেষকদের তথ্যমতে, নেসকড অর্থ নো ইলেকট্রিসিটি অ্যান্ড সাসটেইনেবল কুলিং অন ডিমান্ড বা বিদ্যুৎবিহীন ও চাহিদা অনুযায়ী টেকসই শীতলীকরণ।
মামুন হোসেন, টেক ডেস্ক — অসহনীয় গরমে স্বস্তি পেতে এবং রাতে আরামদায়ক ঘুমের জন্য নিয়মিত শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহার করেন অনেকে। কেউ আবার শীতকালেও ঘরের তাপমাত্রা বাড়াতেও এসি ব্যবহার করেন। অতিরিক্ত গরম ও ঠান্ডা থেকে রক্ষা করলেও এসি ব্যবহারের কারণে মাস শেষে বিদ্যুতের বিল বেশি হওয়ায় বিপাকে পড়তে হয় ব্যবহারকারীদের। এ সমস্যা সমাধানে বিদ্যুৎ ছাড়াই ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির একদল গবেষক। ‘নেসকড’ নামের এ পদ্ধতিতে ঘর ঠান্ডা করার জন্য কোনো কম্প্রেসর ও বৈদ্যুতিক সংযোগের প্রয়োজন হয় না। ফলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের প্রচলিত ধারণাকেই বদলে দিতে পারে নতুন এই পদ্ধতি।
ডিভাইস বা ফিচারের খুঁটিনাটি
গবেষকদের তথ্যমতে, নেসকড অর্থ নো ইলেকট্রিসিটি অ্যান্ড সাসটেইনেবল কুলিং অন ডিমান্ড বা বিদ্যুৎবিহীন ও চাহিদা অনুযায়ী টেকসই শীতলীকরণ। সার তৈরিতে বহুল ব্যবহৃত রাসায়নিক যৌগ অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করে তৈরি এই পদ্ধতিতে কোনো বিদ্যুৎ খরচ না করেই ঘর ঠান্ডা করা যায়। এর মূল কৌশলটি হলো, অ্যামোনিয়াম নাইট্রেট যখন পানিতে দ্রবীভূত হয়, তখন সেখানে একটি তাপগ্রাহী বা এন্ডোথার্মিক বিক্রিয়া ঘটে। এটি আশপাশের পরিবেশে তাপ ছড়ানোর বদলে পরিবেশ থেকে তাপ শোষণ করে নেয়। এই প্রক্রিয়ায় মাত্র ২০ মিনিটের মধ্যে ঘরের তাপমাত্রা ৭৭ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস) থেকে কমে ৩৮ ডিগ্রি ফারেনহাইটে (প্রায় ৩.৩ ডিগ্রি সেলসিয়াস) নেমে আসে।
যে কারণে এই পদ্ধতি কার্যকরশুধু একবার ঠান্ডা করার কোনো পদ্ধতি হলে সেটি হয়তো বিশেষ কিছু হতো না। কিন্তু নেসকডের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এটি শুধু সূর্যের আলো ব্যবহার করেই নিজেকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে বা রিসেট করতে পারে। এ প্রক্রিয়ায় প্রথমে লবণ তাপ শোষণ করে পানিতে গলে যায়। এরপর সূর্যের তাপে সেই পানি বাষ্পীভূত হয়ে যায় এবং অ্যামোনিয়াম নাইট্রেট আবার স্ফটিক বা দানাদার আকারে ফিরে আসে, যা আবার ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যায়। এ ছাড়া সৌর পাতনপ্রক্রিয়ার মাধ্যমে বাষ্পীভূত পানিও পুনরুদ্ধার করা সম্ভব হয়, ফলে পানির অপচয়ও থাকে না বললেই চলে। যত দিন সূর্যের আলো থাকবে, তত দিন এটি একটি নিরবচ্ছিন্ন চক্রের মতো কাজ করতে থাকবে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্যমতে, বিশ্বের মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় ১০ শতাংশই খরচ হয় শীতাতপনিয়ন্ত্রণে। তাপমাত্রা বৃদ্ধি এবং মানুষের স্বস্তির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ২০৫০ সালের মধ্যে এই চাহিদা তিন গুণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎবিহীন একটি কুলিং সিস্টেম বিশ্বজুড়ে মানুষের জন্য এক বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে।সূত্র: ইন্ডিয়া টাইমস

























