নওগাঁয় উচ্চ শব্দে মোটরসাইকেল চালানোয় ৩০ হাজার টাকা জরিমানা

- প্রকাশের সময় : ০৭:১৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 8

নওগাঁ শহরে শব্দদূষণ রোধ এবং রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা ট্রাফিক পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) শহরের সেন্ট্রাল গার্লস স্কুলের সামনে অভিযান চালিয়ে উচ্চ শব্দ সৃষ্টিকারী ও রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল আটক করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি নওগাঁ শহরের রাস্তায় কিছু উঠতি বয়সী তরুণ দামি মোটরসাইকেলের সাইলেন্সারের বাঁশি খুলে ও অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হর্ন সংযুক্ত করে বেপরোয়াভাবে বাইক চালাচ্ছে। মাত্রাতিরিক্ত এই শব্দদূষণের ফলে সাধারণ পথচারী, বিশেষ করে হৃদরোগী ও গুরুতর অসুস্থ মানুষ চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। বিষয়টি নজরে আসার পর নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাফিক বিভাগকে নির্দেশনা দেন।
পুলিশ সুপারের নির্দেশনায় ট্রাফিক পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. রিফাত হাসান রাজীবের নেতৃত্বে শহরে অভিযান শুরু হয়। অভিযানের অংশ হিসেবে শহরের লিটন ব্রিজ এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা উচ্চ শব্দ সৃষ্টিকারী একটি মোটরসাইকেলের চালককে থামার সংকেত দেন। কিন্তু চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে সেন্ট্রাল গার্লস স্কুলের সামনে থেকে মোটরসাইকেলটি আটক করে।
পরবর্তীতে অবৈধভাবে উচ্চ শব্দ সৃষ্টিকারী সাইলেন্সার ও হর্ন সংযোজন এবং মোটরসাইকেলের বৈধ রেজিস্ট্রেশন না থাকার অপরাধে সড়ক পরিবহন আইনে চালককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এবং শব্দদূষণ রোধে মোটরসাইকেলে বিকট ও উচ্চ শব্দ সৃষ্টি করা থেকে বিরত থাকার জন্য চালকদের প্রতি আহ্বান জানিয়েছে নওগাঁ জেলা ট্রাফিক পুলিশ।




















