নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা

- প্রকাশের সময় : ০৭:২১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 6

নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের খামারি নুর এ আলমের গরুর খামার এখন পরিচালিত হচ্ছে মোবাইল অ্যাপসের মাধ্যমে। ইন্টারনেট অব থিংস বা আইওটি (IoT) প্রযুক্তি ব্যবহার করে দূর থেকেই স্মার্টফোনের মাধ্যমে পুরো খামারের পরিবেশ পর্যবেক্ষণ ও কারিগরি কার্যক্রম পরিচালনা করছেন তিনি। এর ফলে শ্রম ও পরিচালন ব্যয় কমে মাসে সাশ্রয় হচ্ছে প্রায় ২০ হাজার টাকা।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বাইরে অবস্থান করেও মোবাইল অ্যাপসের মাধ্যমে খামারের ভেতরের তাপমাত্রা ও আর্দ্রতার তাৎক্ষণিক অবস্থা জানতে পারছেন খামারি। প্রয়োজন অনুযায়ী দূর থেকেই ফ্যান, ব্লোয়ার, লাইট ও স্প্রিংকলার চালু বা বন্ধ করা যাচ্ছে। আধুনিক এই প্রযুক্তির ব্যবহারে খামার পরিচালনার প্রচলিত পদ্ধতিতে বড় পরিবর্তন এসেছে।
প্রযুক্তিটি স্থাপনের আগে খামারের দৈনন্দিন কার্যক্রম, গরুর স্বাস্থ্য পর্যবেক্ষণ ও পরিবেশ নিয়ন্ত্রণে মাসে ব্যয় হতো প্রায় দেড় লাখ টাকা। বর্তমানে একই খাতে ব্যয় কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার টাকায়। অর্থাৎ মাসে ২০ হাজার টাকা হিসেবে বছরে সাশ্রয় হচ্ছে ২ লাখ ৪০ হাজার টাকা।
প্রযুক্তি স্থাপনের খরচ ও সহায়তা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মৌসুমী’ খামারটিতে এই আইওটি প্রযুক্তি স্থাপন করেছে। এতে মোট ব্যয় হয়েছে প্রায় ৬০ হাজার টাকা। এর মধ্যে মৌসুমী ও পিকেএসএফ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে এবং বাকি ১০ হাজার টাকা দিয়েছেন খামারি নুর এ আলম। সংশ্লিষ্টদের মতে, স্বল্প বিনিয়োগে প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা খামার পরিচালনায় নতুন সম্ভাবনা তৈরি করেছে।
খামারিদের আগ্রহ ও অভিজ্ঞতা
আধুনিক এই ব্যবস্থাপনা দেখতে জেলার রাণীনগর উপজেলা থেকে খামারটি পরিদর্শনে আসেন খামারি আরিফ মাহমুদ। তিনি বলেন, ‘আগে খামারের পরিবেশ ঠিক রাখতে সার্বক্ষণিক নজরদারি ও শ্রমিকদের নির্দেশনা দিতে হতো। এখন খামারে উপস্থিত না থেকেও মোবাইল ফোনে সব নিয়ন্ত্রণ করা যাচ্ছে এবং শ্রমিক খাতে মাসে ২০ হাজার টাকা সাশ্রয় হচ্ছে—যা খামারিদের জন্য বড় সুখবর। আমিও আমার খামারে এই প্রযুক্তি স্থাপন করব।’
হাসিন-হাসিব ডেইরি ফার্মের ম্যানেজার ময়ফুল ইসলাম জানান, মোবাইল ফোনে দূর থেকে যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করায় শ্রমিকের ওপর নির্ভরতা ও সময় দুটিই বাঁচছে এবং গবাদিপশুর অনুকূল পরিবেশ নিশ্চিত করা সহজ হচ্ছে। তবে যন্ত্রপাতি প্রয়োজন অনুযায়ী চালানোর কারণে বিদ্যুৎ বিল আগের মতোই রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পরিবেশের তথ্য বিশ্লেষণ করে যন্ত্র ব্যবহারে আরও দক্ষতা আনা গেলে ভবিষ্যতে ব্যয় আরও কমানো সম্ভব হবে।
বিশেষজ্ঞদের বক্তব্য
বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমীর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূর হোসেন বলেন, তাপমাত্রার তারতম্য ও অতিরিক্ত আর্দ্রতার কারণে গরমের সময় গবাদিপশুর হিট স্ট্রেস দেখা দেয়, যা দুধ উৎপাদন ও স্বাভাবিক বৃদ্ধিকে ব্যাহত করে। আইওটি প্রযুক্তির বিশেষ সেন্সরের মাধ্যমে খামারের তাপমাত্রার তথ্য সরাসরি মোবাইল অ্যাপ বা ড্যাশবোর্ডে দেখা যায়। তাপমাত্রা নির্দিষ্ট মাত্রার বেশি হলে মোবাইল ফোনের মাধ্যমে কিংবা স্বয়ংক্রিয়ভাবে ফ্যান, স্প্রিংকলার ও এগজস্ট ফ্যান চালু হয়ে যায়। এতে গবাদিপশুর পরিচর্যার মান উন্নত হয়।
নওগাঁ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ‘আইওটি প্রযুক্তির মাধ্যমে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পরিকল্পিত ও বিজ্ঞানসম্মতভাবে খামার পরিচালনা করা সম্ভব। স্থানীয় একটি বেসরকারি সংস্থা প্রথমবারের মতো এটি বাস্তবায়ন করেছে। সরকারি-বেসরকারি উদ্যোগে মাঠপর্যায়ে এই প্রযুক্তি ছড়িয়ে দেওয়া গেলে খামারিরা শ্রমিক সংকটসহ নানা সমস্যা থেকে রেহাই পাবেন এবং অর্থনৈতিকভাবে আরও লাভবান হবেন।’




















