নওগাঁয় প্রথমবার চালু হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে ট্রাফিক জরিমানা আদায়

- প্রকাশের সময় : ০৫:০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 39

নওগাঁয় প্রথমবারের মতো ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমের আওতায় ডিজিটাল পদ্ধতিতে ট্রাফিক জরিমানা আদায় কার্যক্রম চালু হতে যাচ্ছে। এ পদ্ধতিতে পিওএস (POS) মেশিন ও বাংলা কিউআর (Bangla QR) ব্যবহার করে জরিমানার অর্থ পরিশোধ করা যাবে।
এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর এবং পিওএস মেশিন ও বাংলা কিউআর বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (বিজনেস) বিভাগের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আমিরুল ইসলাম।
কর্মশালায় ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমের আওতায় ডিজিটাল পদ্ধতিতে জরিমানা আদায়, পিওএস মেশিনের ব্যবহার, বাংলা কিউআরের মাধ্যমে অর্থ পরিশোধ এবং সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার বিভিন্ন কারিগরি ও ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ উদ্যোগের ফলে ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা আদায় আরও সহজ, স্বচ্ছ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেনের সুযোগ তৈরি হবে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়বে।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ডিজিটাল প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে জনসাধারণকে সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত পুলিশি সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।






















