তবে কি ক্লাউড সেবা ব্যবহার করা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ

- প্রকাশের সময় : ০৫:১৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 11

ই-মেইল পাঠানো যাচ্ছে না, অনলাইনে সভা করা যাচ্ছে না, প্রয়োজনীয় ফাইল খুলছে না। কোনো কোনো প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজও থমকে গেছে। অথচ সমস্যাটি ব্যবহারকারীদের কম্পিউটার বা ইন্টারনেট সংযোগের কারণে নয়। সমস্যাটি হাজার হাজার মাইল দূরে থাকা কোনো কম্পিউটার সার্ভারে। গত বৃহস্পতি ও শুক্রবার মাইক্রোসফটের ক্লাউডভিত্তিক বিভিন্ন সেবায় বড় ধরনের বিপর্যয় আবারও দেখিয়ে দিয়েছে, আধুনিক ডিজিটাল বিশ্ব কতটা নির্ভরশীল অদৃশ্য এক অবকাঠামোর ওপর। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ভোগান্তিতে পড়েন। এই ভোগান্তিতে নিজের কোনো ভুল নেই।গত বৃহস্পতিবার থেকে মাইক্রোসফটের মাইক্রোসফট ৩৬৫ সেবায় বড় ধরনের সমস্যা শুরু হয়। এর প্রভাব পড়ে আউটলুক, মাইক্রোসফট টিমস, কোপাইলট, শেয়ারপয়েন্টসহ বিভিন্ন সেবায়। বিশ্বের ৭৪টি দেশ ও অঞ্চলের ব্যবহারকারীরা এ সমস্যায় পড়েন। অনেকেই ই-মেইল আদান-প্রদান, অনলাইন সভা ও প্রয়োজনীয় নথি ব্যবহার করতে পারেননি। শনিবার মাইক্রোসফট জানায়, আক্রান্ত গ্রাহক ও অঞ্চলে সেবা পুনরুদ্ধার করা হয়েছে। যদিও পুরো তদন্ত প্রতিবেদন দেওয়া হয়নি, তবে প্রতিষ্ঠানটির দাবি সমস্যাটি সাইবার হামলা বা কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো এজেন্টের কারণে হয়নি। আগের একটি নেটওয়ার্ক সক্ষমতা বৃদ্ধির কাজের সময় তৈরি হওয়া ত্রুটি পরবর্তী নেটওয়ার্ক পরিবর্তনের পর সক্রিয় হয়ে বিপর্যয় ঘটায়।
প্রযুক্তিগত উদ্ভাবন ও মূল বৈশিষ্ট্য
বাংলাদেশে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় কিছুটা কম ভোগান্তি হয়েছে। কিন্তু তৈরি পোশাক খাত ও অন্যান্য যাদের সার্বক্ষণিক কাজ থাকে তারা ভোগান্তিতে পড়েছেন। ক্লাউড সেবা হওয়াতে একেকজন একেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। মাইক্রোসফটের সুবিধা হলো তাদের একটা সেবার গ্রাহক হলে অন্যগুলো বিনা মূল্যে পাওয়া যায়। যিনি বা যাঁরা আউটলুকের গ্রাহক তারা টিমস বা অফিস ৩৬৫ ব্যবহার করতে পারেন। এ কারণেও একটায় সমস্যা হলে অন্যগুলোও ব্যবহার করা যায় না। তথ্যপ্রযুক্তিবিদ অমি আজাদ জানান বাংলাদেশে প্রায় ১৫ লাখ মানুষ আছেন যাঁরা মাইক্রোসফটের কোনো না কোনো সেবা বের করেন। ফলে আন্তর্জাতিক সমস্যার রেশ ভালোই পড়ে বাংলাদেশে।এ ধরনের ঘটনা কেন ঘটে? এর উত্তর বুঝতে হলে ক্লাউড কম্পিউটিংয়ের কার্যপদ্ধতি জানা প্রয়োজন। ক্লাউড মানে আকাশে কোনো তথ্যভান্ডার রাখা নয়। পৃথিবীর বিভিন্ন স্থানে থাকা বিশাল ডেটা সেন্টারে সার্ভার, তথ্য সংরক্ষণব্যবস্থা ও সফটওয়্যার পরিচালিত হয়। ব্যবহারকারীরা ইন্টারনেটের মাধ্যমে এসব সুবিধা গ্রহণ করেন। ফলে নিজস্ব সার্ভার কেনা, রক্ষণাবেক্ষণ করা কিংবা সফটওয়্যার পরিচালনার জটিলতা অনেকটাই কমে যায়। এ সুবিধা নিতেই মানুষ বা প্রতিষ্ঠান ক্লাউড সেবা ব্যবহার করে।কিন্তু এই সুবিধার মধ্যেই রয়েছে বড় ঝুঁকি। বর্তমানে কোটি কোটি মানুষ ও হাজার হাজার প্রতিষ্ঠান কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ক্লাউড অবকাঠামোর ওপর নির্ভরশীল। একটি প্রতিষ্ঠানের সার্ভার, নেটওয়ার্ক, নিরাপত্তাব্যবস্থা কিংবা ব্যবহারকারীর পরিচয় যাচাইয়ের ব্যবস্থায় ত্রুটি দেখা দিলে তার প্রভাব ছড়িয়ে পড়তে পারে বহু সেবায়। বিশেষ করে একটি সেবা অন্যটির ওপর নির্ভরশীল হলে ছোট একটি ত্রুটিও বড় বিপর্যয়ের কারণ হতে পারে। প্রযুক্তির ভাষায় একে বলা হয় ক্যাসকেডিং ফেইলিওর বা ধারাবাহিক ব্যবস্থাগত বিপর্যয়। কিছুদিন আগে গত অক্টোবর মাসেই অ্যামাজন ওয়েব সার্ভিসেসের ক্লাউড ব্যবস্থায়ও ধস নেমেছিল। বিশ্বজুড়ে অনেক ওয়েবসাইট কার্যত অচল হয়ে গিয়েছিল।
ক্লাউড সেবায় এমন বিপর্যয়ের পেছনে কয়েকটি কারণ কাজ করে। ভুল সফটওয়্যার হালনাগাদ, নেটওয়ার্ক কনফিগারেশনের ত্রুটি, সার্ভারের অতিরিক্ত চাপ, নিরাপত্তাব্যবস্থার সমস্যা কিংবা স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় ভুল সিদ্ধান্ত এগুলোর মধ্যে অন্যতম। অনেক সময় একটি সার্ভার অকার্যকর হলে তার কাজ অন্য সার্ভারে চলে যায়। কিন্তু একসঙ্গে একাধিক সার্ভার অকার্যকর হয়ে পড়লে বাকি সার্ভারগুলোও অতিরিক্ত চাপে বিপর্যস্ত হতে পারে।তাহলে ক্লাউড ব্যবহার করা কি ঝুঁকিপূর্ণ? এককথায় উত্তর—না। বরং বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উন্নত নিরাপত্তা, নিয়মিত হালনাগাদ এবং একাধিক তথ্যকেন্দ্রে তথ্য সংরক্ষণের সুবিধার কারণে অনেক ক্ষেত্রে নিজস্ব সার্ভারের তুলনায় ক্লাউড বেশি নিরাপদ ও কার্যকর। তবে কোনো একটি প্রতিষ্ঠানের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়া ঝুঁকিপূর্ণ। এ ঝুঁকি কমাতে প্রতিষ্ঠানগুলোকে বিকল্প ক্লাউড সেবা, স্থানীয় তথ্য সংরক্ষণ এবং জরুরি ব্যাকআপ ব্যবস্থা রাখতে হবে। গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিত নামিয়ে নিয়ে আলাদা জায়গায় সংরক্ষণ করা প্রয়োজন। পাশাপাশি ইন্টারনেট বা ক্লাউড সেবা বন্ধ থাকলেও যেন জরুরি কাজ চালানো যায়, সে ধরনের বিকল্প ব্যবস্থাও থাকা দরকার।
ক্লাউড প্রযুক্তি আমাদের কাজের গতি বাড়িয়েছে, পৃথিবীকে আরও সংযুক্ত করেছে। কিন্তু প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি এর দুর্বলতাও বিবেচনায় রাখতে হবে। কারণ, ডিজিটাল বিশ্বে এখন একটি প্রতিষ্ঠানের সামান্য ত্রুটিও আর শুধু সেই প্রতিষ্ঠানের সমস্যা নয়; তা মুহূর্তেই পরিণত হতে পারে বৈশ্বিক সংকটে। এমনকি বাংলাদেশেও এই সমস্যা থেকে মুক্ত নয়। ফলে প্রযুক্তির সচেতন ব্যবহার ও বিকল্প ব্যবস্থা রাখাই আমাদের নিরাপদ রাখতে পারে।
























