প্রতারণা মামলায় বান্দরবানে এনসিপি নেতা গ্রেফতার

- প্রকাশের সময় : ১২:২৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 40

স্ত্রীর দায়ের করা প্রতারণার মামলায় গ্রেফতার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দ।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার পুলিশের সদস্যরা।
গ্রেফতারের পর তাকে দলীয় দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।
একই সঙ্গে কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতারণার মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মিজানুর রহমান আখন্দকে গ্রেফতার করা হয়েছে।
মামলার বাদী মিজানুর রহমানের স্ত্রী শাহীনা আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকে দীর্ঘদিন ধরে স্বামী তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন। নিয়মিত ভরণপোষণও দিচ্ছেন না। বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে শেষ পর্যন্ত তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
দলীয় সূত্র জানায়, গত ২ সেপ্টেম্বর বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান মিজানুর রহমান আখন্দ। তবে দায়িত্ব পাওয়ার কিছুদিনের মধ্যেই স্ত্রীর করা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিষয়টি সামনে আসে।
এদিকে গ্রেফতারের পর এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দফতর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
চিঠিতে তার বিরুদ্ধে সাংগঠনিক নীতি ও আদর্শবিরোধী সুস্পষ্ট অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে জানতে চাওয়া হয়েছে, কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না।
নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় দফতরে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলার সদস্য সচিব গোলাম মোস্তফা আসাদ জানান, প্রতারণার মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে পুলিশ গ্রেফতার করার পর আমরা বিষয়টি কেন্দ্রকে জানিয়েছি। পরে কেন্দ্র থেকে দ্রুত সময়ে মিজানুর রহমান আখন্দকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলার সদস্য সচিব গোলাম মোস্তফা আসাদ আরও জানান, আমাদের দলের নীতি খুবই কঠিন, কেউ কোনও ধরনের অপরাধে জড়িত হলে তার বিচার দ্রুত সময়ে হয়।





















