বোচাগঞ্জে ইউপি সদস্যকে লাঞ্ছিত, ভাইকে আটকে দুই লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ

- প্রকাশের সময় : ০৯:৩৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 10

দিনাজপুরের বোচাগঞ্জে এক ইউপি সদস্যকে লাঞ্ছিত এবং তাঁর ছোট ভাইকে আটকে রেখে দুই লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ইউপি সদস্য মো. আব্দুল কুদ্দুস। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলনও করেছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার মুরারীপুর বাজারে নিজের ভাতের হোটেলসংলগ্ন স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ২ নম্বর ইশানিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুল কুদ্দুস।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১১ নভেম্বর তাঁর হোটেলে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে জিল্লুর রহমানসহ কয়েকজন মোস্তফা নামের এক ব্যক্তির সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস উভয় পক্ষের বিরোধ মীমাংসার চেষ্টা করেন এবং তাঁদের নিজ নিজ বাড়িতে চলে যেতে বলেন।
এর জের ধরে পরদিন ১২ নভেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে তাঁর ছোট ভাই ইউনুস আলী সেতাবগঞ্জ ফায়ার সার্ভিসসংলগ্ন মদিনা বেকারিতে মালামাল সরবরাহ করতে গেলে জিল্লুর রহমানসহ কয়েকজন তাঁকে আটক করে পাশের একটি আমবাগানে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।
সেখানে ইউনুস আলীকে মারধর ও কান ধরে ওঠবস করানোর পাশাপাশি তাঁর কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। একপর্যায়ে তাঁকে দিয়ে বড় ভাই ইউপি সদস্য আব্দুল কুদ্দুসকে ফোন করিয়ে দুর্ঘটনার কথা বলে ঘটনাস্থলে ডেকে নেওয়া হয়।
ছোট ভাইয়ের ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা তাঁকে শারীরিকভাবে হেনস্তা ও লাঞ্ছিত করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখান বলে অভিযোগ করেন আব্দুল কুদ্দুস।
তিনি বলেন, একজন জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তাঁর ছোট ভাইকে আটকে রেখে মুক্তিপণ দাবি এবং তাঁকে লাঞ্ছিত করার ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনি বোচাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি দ্রুত তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জিল্লুর রহমান (মাসুম) বলেন, কুদ্দুস মেম্বার সমাজের কাছে তাঁদের হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি সংবাদ সম্মেলনেও মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। এসব অভিযোগের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানান তিনি।






















