চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: ডোমারে মামলা, গ্রেপ্তার ১

- প্রকাশের সময় : ০৫:৩৬:১২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 1

নীলফামারীর ডোমারে পাঁচ বছর বয়সী এক শিশুকে চকলেট ও টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৪ নভেম্বর) দুপুরে ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের সুইচগেট পূর্ব হলহলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মিজানুর রহমান ওই এলাকার মৃত জহুরুল হক ফালুর ছেলে। প্রতিবেশী হওয়ায় শিশুটি প্রায়ই তার বাড়িতে খেলতে যেত। ঘটনার দিন সেই সুযোগ নিয়ে চকলেট ও টাকার লোভ দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশের একটি ধানখেতে নিয়ে যায় মিজানুর। সেখানে শিশুটিকে ধর্ষণের পর ঘটনাটি কাউকে না জানাতে প্রাণনাশের হুমকি দেয় সে।
পরবর্তীতে শিশুটির রক্তক্ষরণসহ শারীরিক অবস্থার অবনতি হলে সে তার মাকে বিস্তারিত জানায়। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে ডোমার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও ডোমার থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে অভিযুক্তের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী শিশুটির পরিবার।






















