সুপার এল নিনোর তাণ্ডবে বিশ্বে পৌনে ৪ লাখ প্রাণহানির শঙ্কা

- প্রকাশের সময় : ০১:৫৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / 19

প্রশান্ত মহাসাগরের অস্বাভাবিক উষ্ণতা বৃদ্ধির প্রাকৃতিক ঘটনা ‘এল নিনো’ এবার ভয়াবহ রূপ ধারণ করেছে। ‘সুপার এল নিনো’ হিসেবে পরিচিতি পাওয়া এ আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে বিশ্বজুড়ে তীব্র দাবদাহ, খরা, আকস্মিক বন্যা ও শক্তিশালী ঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাবে আগামী ছয় মাসে বিশ্বে অতিরিক্ত ৩ লাখ ৭৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হতে পারে। এর মধ্যে শুধু ভারতেই প্রাণহানির শঙ্কা রয়েছে প্রায় ৫৫ হাজার মানুষের।
ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের নতুন ‘এল নিনো হিট মর্টালিটি ট্র্যাকার’-এর পূর্বাভাসে এসব তথ্য উঠে এসেছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জলবায়ু বিশেষজ্ঞদের তথ্যমতে, গত সেপ্টেম্বরের মধ্যেই বিষুবরেখীয় মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠদেশের তাপমাত্রা প্রায় ৩ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এটি এ পর্যন্ত নথিভুক্ত এল নিনোর কারণে তাপমাত্রা বৃদ্ধির সর্বোচ্চ রেকর্ড। আবহাওয়া বিশেষজ্ঞদের একাংশ ইতোমধ্যে একে ‘সুপার এল নিনো’ হিসেবে আখ্যায়িত করেছেন।
ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের পূর্বাভাস অনুযায়ী, চরম তাপপ্রবাহে সম্ভাব্য প্রাণহানির বড় অংশই ঘটতে পারে বৈশ্বিক দক্ষিণাঞ্চলের দেশগুলোতে। আগামী অক্টোবর থেকে মার্চের মধ্যে ভারতে প্রায় ৫৫ হাজার মানুষের মৃত্যু হতে পারে। এর একটি বড় অংশ ঘটার আশঙ্কা রয়েছে মার্চ মাসে।
তবে সম্ভাব্য প্রাণহানির সংখ্যায় ভারতের চেয়েও এগিয়ে রয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়া। দেশটিতে প্রায় ৫৬ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা করা হয়েছে।
এ ছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়া চরম দাবদাহের অন্যতম ঝুঁকিপূর্ণ অঞ্চল হয়ে উঠতে পারে। এ অঞ্চলের ইন্দোনেশিয়ায় প্রায় ২৯ হাজার এবং লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে প্রায় ১৯ হাজার মানুষের তাপদাহজনিত মৃত্যুর আশঙ্কা রয়েছে।
ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের সহপ্রতিষ্ঠাতা মাইকেল গ্রিনস্টোন বলেন, চরম দাবদাহের কারণে সম্ভাব্য প্রাণহানির আগাম পূর্বাভাস দিতে পারা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এর মাধ্যমে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো চিহ্নিত করে প্রাণহানি ঠেকাতে নীতিনির্ধারকেরা আগাম ব্যবস্থা নিতে পারবেন।
তিনি আরও বলেন, বর্তমানে বিশ্ব যে ভয়াবহ সুপার এল নিনো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, নতুন ট্র্যাকারটি তার সম্ভাব্য প্রভাবের বাস্তব চিত্র তুলে ধরছে।
সূত্র : এনডিটিভি



















