সার্বভৌমত্ব বা রাষ্ট্রীয় আইন মানুষের মৌলিক অধিকারের ঊর্ধ্বে নয়: প্রধান বিচারপতি

- প্রকাশের সময় : ০৪:১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / 7

প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী বলেছেন, সার্বভৌমত্ব বা রাষ্ট্রীয় আইন—কোনোটিই মানুষের মৌলিক অধিকার ও মানবতার ঊর্ধ্বে হতে পারে না। শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ‘সমসাময়িক বিশ্বে সার্বভৌমত্ব, মানবতা ও আইন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এ সম্মেলনের আয়োজন করেছে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে সার্বভৌমত্বের কঠোর ধারণা আজ অনেকটাই চ্যালেঞ্জের মুখে। কোনো সমস্যাই আজ আর একটি মাত্র ভূখণ্ডের সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই ও থাকে না। ফলে একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের অর্থ কেবল নিজের ইচ্ছেমতো চলার স্বাধীনতা নয়, বরং বিদ্যমান চ্যালেঞ্জগুলোর মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় অংশ নেওয়ার দায়িত্বও বটে। এই সম্মেলনের আলোচনা থেকে বর্তমান বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানের একটা রূপরেখা পাওয়া যাবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
প্রধান বিচারপতি আরও বলেন, এই আন্তর্জাতিক সম্মেলন বিভিন্ন অঞ্চল ও পটভূমির পেশাজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে। এখানে তারা পারস্পরিক আলোচনা, গবেষণালব্ধ ফলাফল নিয়ে মতবিনিময় এবং সার্বভৌমত্বের পরিবর্তনশীল প্রকৃতি, মানবিক মর্যাদার সুরক্ষা তথা একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ বিশ্ব গঠনে আইনের ভূমিকা নিয়ে আলোচনায় অংশ নিতে পারবেন। এই সম্মেলন সার্বভৌমত্ব, মানবিক মর্যাদা, মানবাধিকার, আন্তর্জাতিক আইন ও আইনের শাসনের ওপর আরও গবেষণাকে অনুপ্রাণিত করতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, সমসাময়িক বিশ্বে সার্বভৌমত্ব, মানবতা ও আইনের ধারণাগুলো একে অপরের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। বিশ্বায়ন, সশস্ত্র সংঘাত, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, অসমতা এবং পরিবর্তনশীল আন্তর্জাতিক সম্পর্কের মতো বিষয়গুলো চ্যালেঞ্জ তৈরি করেছে। এমন একসময়ে এই চ্যালেঞ্জগুলো অনুধাবন করতে এবং কার্যকর আইনি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ খুঁজে বের করতে অ্যাকাডেমিক আলোচনা ও আন্তবিভাগীয় গবেষণা একান্ত প্রয়োজন। সেই লক্ষ্যে এই সম্মেলন থেকে দিকনির্দেশনা পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।
দুই দিনব্যাপী এই সম্মেলনে ৪টি অ্যাকাডেমিক সেশনে ১২৪টি প্রবন্ধ উপস্থাপিত হবে বলে নির্ধারিত আছে। বিভাগের শিক্ষার্থী এস এম রিদওয়ান জুনায়েদ ও তাসনিম তাইয়েবা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সম্মেলনের আহ্বায়ক ড. বেগম আসমা সিদ্দীকা স্বাগত বক্তৃতা দেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন আইন বিভাগের সভাপতি প্রফেসর সাঈদা আঞ্জু। এতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক, বিচারক, আইন পেশাজীবী, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট অন্যরা।



















