পরিস্থিতি স্বাভাবিক হলে সৌদি থেকে দুই বাংলাদেশির মরদেহ আনা হবে
- প্রকাশের সময় : ০৬:০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / 10
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ আকাশপথের যোগাযোগ ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তাঁদের একজন অভিবাসী শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী। তাঁদের একজনের বাড়ি বগুড়ায়, অন্যজনের কুমিল্লায়।
সোমবার বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসী কর্মীদের লাগেজ বহনের জন্য ২০০টি ট্রলি হস্তান্তর অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।
আরিফুল হক চৌধুরী বলেন, সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে আটকে পড়া যাত্রীদের পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরিয়ে আনা হবে। সৌদি আরবের বর্তমান পরিস্থিতির কারণে অনেক ওমরাহ যাত্রী সেখানে আটকে পড়েছেন। তাঁদের কেউ কেউ বিকল্প পথে দেশে ফেরার চেষ্টা করলেও ফ্লাইট বাতিলের কারণে অনেকে ফিরতে পারছেন না। পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
জাপানের সঙ্গে কর্মী নিয়োগসংক্রান্ত নতুন চুক্তির বিষয়ে মন্ত্রী বলেন, এ চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীরা জাপানের স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন। পাশাপাশি কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
ট্রলি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্যে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, নতুন ট্রলি হস্তান্তরের ফলে বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমবে।





















