সংসদকে শক্তিশালী করতে সরকারি ও বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে
- প্রকাশের সময় : ০৫:১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 18
জাতীয় সংসদকে কার্যকর ও শক্তিশালী করতে সরকারি ও বিরোধীদল উভয়কেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শরৎ উৎসব ও ৩১তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডেপুটি স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রকে সুসংহত করতে বিরোধী দল ছায়া সংসদ গঠন করতে করতে পারে। একইসঙ্গে জনগণের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে কার্যকর সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠা জরুরি।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ প্রতিষ্ঠান জ্ঞানচর্চা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ তৈরির অন্যতম কেন্দ্র। এ বিদ্যাপীঠের শিক্ষার্থীরাই ভবিষ্যতে শিক্ষক, গবেষক ও জাতি গঠনের কারিগর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। কোনো সরকার এককভাবে উন্নত জাতি গড়ে তুলতে পারে না; বরং প্রত্যেক দায়িত্বশীল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে জাতি গঠনে অবদান রাখতে হয়।
কায়সার কামাল বলেন, অতীতের গণতান্ত্রিক অর্জন ও নাগরিক অধিকার রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। স্বাধীনভাবে কথা বলা ও লেখার অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।
জাতীয় সংসদের কার্যকারিতা প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে সরকারি ও বিরোধী দলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সংসদ কার্যকর না থাকলে দেশ আবারও বিপথে যাওয়ার আশঙ্কা থেকে যায়। সরকারের নীতি ও কর্মকাণ্ডের পর্যালোচনা, ভুলত্রুটি চিহ্নিতকরণ এবং জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ওয়েস্টমিনস্টার সংসদীয় ব্যবস্থার আদলে বিরোধী দলের একটি কার্যকর ছায়া সংসদ থাকলে গণতন্ত্র সংহত এবং নির্বাহী বিভাগকে অধিকতর জবাবদিহিতার আওতায় আনা যেতে পারে। এর মাধ্যমে সরকারের নীতি, মন্ত্রিসভার কার্যক্রম ও বিভিন্ন সিদ্ধান্ত পর্যালোচনা করা সম্ভব হবে। পাশাপাশি সরকারের ভুলত্রুটি তুলে ধরে বিকল্প প্রস্তাব উপস্থাপন এবং সংসদীয় জবাবদিহি নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, আমরা কে সরকারি দল বা কে বিরোধী দল তা বিবেচ্য বিষয় নয়, আমরা সকলেই বাংলাদেশের দল-বাংলাদেশি। আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দেশকে গড়ে তোলার জন্য এগিয়ে আসব এবং কাজ করব।























