গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁর ধামইরহাটে ছাগলে করলা ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
খোরশেদ আলম, নওগাঁ প্রতিনিধি:
- প্রকাশের সময় : ০২:৪৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / 7
নওগাঁর ধামইরহাট উপজেলার বড়শিবপুর (মাস্টারপাড়া) এলাকায় পূর্বশত্রুতা ও করলা ক্ষেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে আবুল কাশেম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এজাহারনামীয় ৭ জন আসামিকে গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করেছে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৫টার দিকে করলা ক্ষেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে আবুল কাশেম ও রনিদের পরিবারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
উক্ত সংঘর্ষে আবুল কাশেম পক্ষের মোট পাঁচজন গুরুতর জখম হন। পরে তাঁদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেম মৃত্যুবরণ করেন। এছাড়া তাঁর স্ত্রী গুরুতর অসুস্থ অবস্থায় বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন এবং অপর আহতরা জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই মর্মান্তিক ঘটনায় নিহতের ছেলে আবু সাঈদ হোসেন বাদী হয়ে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পরপরই নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় এবং ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমানের নেতৃত্বে ধামইরহাট থানার একটি চৌকস আভিযানিক টিম মাঠে নামে।
অভিযান পরিচালনায় জানা যায়, ধামইরহাট থানা পুলিশ জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বিভিন্ন জায়গায় রাতভর অভিযান পরিচালনা করে। মামলা রুজুর মাত্র এক রাতের মধ্যেই এজাহারভুক্ত ৭ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— ১। মো. রাকিবুল ইসলাম রনি (২৮), পিতা- মো. আ. হাকিম, ২। মো. আ. হাকিম (৬০), পিতা- মৃত আ. গফুর, ৩। মো. কফিল উদ্দিন (৬৫), পিতা- মৃত আ. গফুর, ৪। মোসা. আকলিমা বেগম (৩৫), স্বামী- মো. ফেরদৌস হোসেন, ৫। মোসা. হামিদা বেগম (৩৮), পিতা- মৃত ইসমাইল হোসেন, ৬। মোসা. ফরিদা বেগম (৫০), স্বামী- মো. আ. হাকিম, এবং ৭। মোসা. জিয়াসমিন বেগম (২১), স্বামী- মো. রাকিবুল ইসলাম রনি। তাদের সবার বাড়ি ধামইরহাট উপজেলার ৬নং জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর (মাস্টারপাড়া) গ্রামে।
Tag :























