গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশে পত্নীতলায় অবৈধ ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা
খোরশেদ আলম, নওগাঁ প্রতিনিধি:
- প্রকাশের সময় : ০২:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / 3
নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সরাসরি নির্দেশনায় পত্নীতলা উপজেলায় একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে যথাযথ কাগজপত্র ছাড়াই ভাটার নির্মাণকাজ চালিয়ে যাওয়ায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অদ্য ৩ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ দুপুর ১টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মহিমাপুর (গোপীনগর মোড়) নামক স্থানে মেসার্স এমবিএফ ইটভাটা-১ এ মোবাইল কোর্টটি পরিচালনা করা হয়।
জানা যায়, যথাযথ কাগজপত্র গ্রহণ ব্যতিত গত মৌসুমে বন্ধ থাকা মেসার্স এমবিএফ ইটভাটা-১ নামক ইটভাটার নির্মাণ ও সংস্কার কাজ পুনরায় চালু রাখায় কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। এছাড়া, যথাযথ বৈধ কাগজপত্র না পাওয়া পর্যন্ত ভাটার নির্মাণ বা সংস্কার কাজ সম্পূর্ণ বন্ধ রাখার জন্য ইটভাটা কর্তৃপক্ষের নিকট থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোপ্র. নাজমুল হোসাইন। এছাড়া, আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল।
পরিবেশ সুরক্ষায় এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
Tag :























