এশিয়ান গেমসে নারী হকিতে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ
- প্রকাশের সময় : ১১:৪১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 8
এশিয়ান গেমসে নারী হকিতে নিজেদের চতুর্থ ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো এশিয়ার এই বড় আসরে অংশ নিয়ে টানা তিন ম্যাচে পরাজয়ের পর অবশেষে পয়েন্টের দেখা পেল লাল-সবুজের প্রতিনিধিরা।
শুক্রবার গ্রুপ পর্বের ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। তবে সময় গড়ানোর সাথে সাথে ম্যাচে নিয়ন্ত্রণ বাড়াতে থাকে প্রতিপক্ষ। একপর্যায়ে বাংলাদেশ ১-৩ গোলে পিছিয়ে পড়লেও সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে রিমন-অর্পিতারা।
এশিয়ান গেমসে বাংলাদেশের নারী হকি দলের অভিষেক ম্যাচটি ছিল চীনের বিপক্ষে। ওই ম্যাচে ১৩-০ গোলের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর মালয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলে এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৮-০ গোলে পরাজিত হয় দলটি।
টানা তিন ম্যাচের পর কাজাখস্তানের বিপক্ষে ড্র করে প্রথম পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে আসার এই পারফরম্যান্স দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এশিয়ান গেমসে অভিষেকের শুরুটা কঠিন হলেও চতুর্থ ম্যাচে লড়াই করে পয়েন্ট অর্জনের মাধ্যমে বাংলাদেশ নারী হকি দলের সামনে পরবর্তী ম্যাচগুলোতে ভালো করার সম্ভাবনা তৈরি হয়েছে।






















