গোপালগঞ্জে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
- প্রকাশের সময় : ০৫:১৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 10
গোপালগঞ্জ সদর উপজেলায় জোবায়ের ভূঁইয়া (২২) নামে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জোবায়ের ভূঁইয়া সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে। তিনি হাজী লালমিয়া সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে পুখুরিয়া এলাকা থেকে টিউশনি করে বাড়ি ফিরছিলেন জোবায়ের ভূঁইয়া। পথে একদল লোক তার ওপর হামলা চালিয়ে লাঠিসোটা দিয়ে মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
তবে কী কারণে তার ওপর হামলা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি।
নিহতের চাচা মো. হামিম ভূঁইয়া অভিযোগ করে বলেন, সকালে কথা কাটাকাটির জেরে ওই গ্রামের শহিদ মোল্লার ছেলে সোহেলের নেতৃত্বে ৭-৮ জন যুবক লাঠিসোটা নিয়ে জোবায়ের ভূঁইয়ার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।























